স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনা ও টানা-পোড়েনের পর অবশেষে জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগে মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার দু’দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। ২৫ নভেম্বর শুক্রবার রাতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের শেরপুরসহ ৬১ জেলায় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। অন্যদিকে এডভোকেট চন্দন কুমার পালকে চেয়ারম্যান পদে মনোনীত করায় শেরপুরে দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকারের আওতায় বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাঝেও সেই উচ্ছ্বাসের ঢেউ লেগেছে। জেলা পরিষদ নির্বাচন নিয়ে সরকারের তৎপরতা শুরুর পর থেকেই এডভোকেট চন্দন কুমার পাল দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজনদের সাথে গণসংযোগ রক্ষা করে চলায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা যায়, নবগঠিত জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের প্রথম সভায় সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে এককভাবে প্রার্থী বাছাই করে ওই সিদ্ধান্তের কপি কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর পরও এ জেলা থেকে বিদায়ী জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিমসহ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ২৫ জন আবেদন জমা দেন। এরপর আবেদনকারীদের সরাসরি কোন সাক্ষাতের ব্যবস্থা ব্যতিরেকেই দলের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদন এবং বিভিন্ন দায়িত্বশীল গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের আলোকে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের ওই সিদ্ধান্তে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়। সূত্রমতে, চেয়ারম্যান পদে এডভোকেট চন্দন কুমার পালকে এককভাবে বাছাইয়ের পরও দলের একটি অংশের প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতার কারণেই মনোনয়ন পেতে কেন্দ্রে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়ে।
এদিকে এই প্রথমবারের মতো জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে এডভোকেট চন্দন কুমার পালকে মনোনীত করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। সেইসাথে তিনি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য ও সংরক্ষিত সদস্যদের নির্বাচিত করতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এডভোকেট চন্দন কুমার পালের জীবন বৃত্তান্ত ঃ
এডভোকেট চন্দন কুমার পাল, পিতা, দ্বিজেন্দ্র চন্দ্র পাল, মাতা, স্বর্গীয় নমিতা রানী পাল, ঠিকানা- গৃর্দ্দা নারায়ণপুর (পুরাতন গরুহাটি), শেরপুর টাউন, শেরপুর, শিক্ষাগত যোগ্যতা- বিএ (এলএলবি), জন্ম তারিখ- ০৫/১১/১৯৫৭ ইং, দলীয় অবস্থান- সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা, শেরপুর। অতীত ও বর্তমানে দলীয় কর্মকান্ডের বর্ণনা- ক) জন্মসূত্রে আওয়ামী পরিবারের সন্তান, খ) ১৯৬৯ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে গণআন্দোলনে অংশগ্রহণ, গ) ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে প্রচারণায় অংশগ্রহণ, ঘ) ১৯৭২ সালে শেরপুর সদর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত, ঙ) ১৯৭৩ সালে সাংগঠনিক জেলা শেরপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত, চ) ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ওই বছরের ২৯ নভেম্বর গ্রেফতার এবং তৎপর হইতে ১৯৭৭ সালের ২২ জুন পর্যন্ত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ‘রাজবন্দী’ হিসেবে অন্তরিণ, ছ) ১৯৭৭ সালে শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত, জ) ১৯৮০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত, ঝ) ১৯৮৩ সালে পুনরায় জেলা ছাত্রলীগের দ্বিতীয় দফায় সভাপতি নির্বাচিত, ঞ) ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক মামলায় বিভিন্ন মেয়াদে কারাবরণ, ট) ১৯৮৫ সালে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত, ঠ) ১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত, ড) ১৯৯৭ সালে দ্বিতীয় দফায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত, ঢ) ২০০৩ সালের ২৩ অক্টোবর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত, ত) ২০১৫ সালের ১৯ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত, থ) ১/১১’র সময় শহরের তিনানী বাজারস্থ ল’ চেম্বার থেকে তৎকালে শেরপুরে আওয়ামী লীগের একমাত্র নেতা হিসেবে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার এবং দীর্ঘদিন হাজতবাস। সামাজিক অবস্থান- ক) ৩০/০৮/১৯৮২ তারিখে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্তি এবং তৎপর হইতে দীর্ঘ প্রায় ৩৪ বছর যাবত শেরপুর জেলা বারের অধীনে আইন পেশায় কর্মরত, খ) ৩০/০১/১৯৯৯ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী হিসেবে তালিকাভূক্তি এবং তৎপর থেকে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য, গ) ১৯৯৯ সালে ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত, ঘ) ২০১০ সালে দ্বিতীয় দফায় ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত, ঙ) ২০১০ থেকে টানা দুই মেয়াদে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত, চ) আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, শেরপুর ইউনিট, ছ) আজীবন সদস্য ও উপদেষ্টা, শেরপুর ডায়াবেটিক সমিতি, জ) উপদেষ্টা, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি, ঝ) আজীবন সদস্য, রোটারী ক্লাব, শেরপুর ইউনিট, ঞ) উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক, জেলা পূজা উদযাপন পরিষদ, শেরপুর, ট) উপদেষ্টা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, অভিজ্ঞতা- ক) ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, খ) ব্যক্তিগতভাবে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, দুবাই, কাতার, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের সুবাদে আন্তর্জাতিক পরিমন্ডলের অভিজ্ঞতা অর্জন, অন্যান্য- এছাড়া দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত।
























