ads

রবিবার , ৩০ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার

খবর টি পড়েছেন : ১৫৯
এবার জেএসসি-জেডিসি পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

jsc-jdc-exmশ্যামলবাংলা ডেস্ক : অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষা শুরু হবে মঙ্গলবার (১ নভেম্বর) থেকে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন। এ বছর ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। গত বছর পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘এবার আটটি বোর্ডের অধীনে জেএসসিতে পরীক্ষার্থী ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষার্থী ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।’
এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এবার বিষয়টি বাধ্যতামূলক নয়, আমরা এ বিষয়ে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আগে পরীক্ষার হলে ঢুকে গেলে আমরা ১৫ মিনিট আগে খাতা দিয়ে দেব। ভবিষ্যতে আমরা হয়তো এটি ম্যান্ডেটরি (বাধ্যতামূলক) করে দেব।’
২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় এক লাখ ৬৪ হাজার ২৯ জন ছাত্রী বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুটি পরীক্ষায় মোট ছাত্র ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ও ছাত্রী ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন। এর মধ্যে জেএসসিতে ছাত্র ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন এবং ছাত্রী ১০ ৮৯ হাজার ১৫৮ জন। জেডিসিতে ছাত্র এক লাখ ৭৫ হাজার ২২৮ জন ও ছাত্রী এক লাখ ৯৯ হাজার ২৪৪ জন।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। আমরা ৩০ ডিসেম্বরের মধ্যে ফল দেব। ২০১০ সালে প্রথমবারের মতো জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হয়েছে। সপ্তমবারের মত এবার এ পরীক্ষা দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে।’
এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি-জেডিসি পরীক্ষা ২ হাজার ৭৩৪টি কেন্দ্রে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর মোট কেন্দ্র বেড়েছে ১০৭টি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১২৯টি বৃদ্ধি পেয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার অনিয়মিত পরীক্ষার্থী জেএসসিতে এক লাখ ৩ হাজার ৬৫৩ জন ও জেডিসি ১৮ হাজার ২১ জন। এছাড়া বিশেষ পরীক্ষার্থী (এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য) জেএসসিতে ৯১ হাজার ৮৬১ ও জেডিসিতে ১৪ হাজার ৬৯৮ জন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এ পরীক্ষার উদ্দেশ্য অভিন্ন মূল্যায়ন পদ্ধতির ফলে সারাদেশে স্কুল ও মাদ্রাসার শিক্ষার মানে যে ভিন্নতা রয়েছে তা প্রমিতকরণ করা।’ তিনি আরও বলেন, ‘শ্রবণ প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।’
নাহিদ আরও জানান, প্রতিবন্ধীদের মধ্যে অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপালসি আক্রান্ত পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ এবারও থাকছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার দায়িত্ব নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ করে এনেছিল তারা। কিন্তু মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে গত ২০ অক্টোবর এ প্রক্রিয়া থেকে সরে যায় গণশিক্ষা মন্ত্রণালয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই এ দুটি পরীক্ষার দায়িত্ব চলে আসে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হঠাৎ করে দায়িত্ব পাওয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা তাদের জন্য বাড়তি চাপ হবে।
জেএসসির বিস্তারিত সূচি: ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে।
এছাড়া ৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর গণিত, ১৪ নভেম্বর হবে কর্ম ও জীবনমুখী শিক্ষা, ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর চারু ও কারুকলা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত এবং পালি পরীক্ষা হবে।
জেডিসির বিস্তারিত সূচি: ১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত), ৬ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৭ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৮ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষা হবে।
এছাড়া ১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৬ নভেম্বর বিজ্ঞান, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ্য বিজ্ঞানের পরীক্ষা হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৭ নভেম্বর পরবর্তী সংবাদ ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads