স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বামীর আকস্মিক মৃত্যু দেখে স্ত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ৫ জুন রবিবার দুপুরে পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া এলাকায়। এরা হচ্ছে স্থানীয় আজিজুল হক (৫০) ও তার স্ত্রী খোদেজা বেগম (৪৫)।
জানা যায়, পশ্চিম সমশ্চুড়ার জাংগালপাড়া গ্রামের ফার্ণিচার ব্যবসায়ী ৩ সন্তানের জনক আজিজুল হক রবিবার বিকেলে সমেশ্চুড়া বাজারে থাকা নিজের দোকানে ভাত খাওয়ার এক পর্যায়ে প্রচন্ড পেটের ব্যথায় আক্রান্ত হয়ে টয়লেেেট যান। ওই অবস্থায় আধ ঘন্টা পেরিয়ে যাবার পরও আজিজুল হক টয়লেট থেকে না ফেরায় দোকানে উপস্থিত স্ত্রী খোদেজা তার খোজে গিয়ে তাকে টয়লেটেই নিঃসাড় বসে থাকতে দেখেন। পরে ডাক-চিৎকারে বাজারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। ওইসময় স্বামীর আকস্মিক মৃত্যুতে স্ত্রী খোদেজা চিৎকার করতে করতে জ্ঞান হারান। পরে দ্রুত তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও প্রাণ হারান। স্বামী-স্ত্রীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























