
শ্যামলবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহানা আকতার ভোট বর্জন করেছেন।
স্থানীয় প্রশাসন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে অভিযোগ তুলে শনিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই প্রশাসন আমার বিরুদ্ধে ছিল। তারা স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন শামীমের (আনারস) পক্ষে কাজ করছে। তাই আমি ভোট বর্জন করলাম।
এদিকে ,নানা অনিয়মের অভিযোগ এনে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী ও বড়াইগ্রামে এক প্রার্থী ভোট বর্জন করেছেন।
শনিবার (২৮ মে) দুপুরে তারা তিনজন পৃথকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
ভোট বর্জনকারী বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাইদুর রহমান সাদু ও হাতিয়ানদহ ইউপির অধ্যাপক আবুল মনসুর এবং বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে তারা জানান, সকাল ৮টায় পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোট শুরুর পর থেকেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন। বিএনপির কর্মী-সমর্থকদের হুমকিসহ ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।





















