শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে আটক করেছে পুলিশ। ওই সময় আরও দুজনকে আটক করা হয়। ১৫ মে রবিবার সন্ধ্যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে ওই ৩জনকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মারুফ হোসেন সরদার জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের আটক করেছে।
আসলাম চৌধুরীর একান্ত সহকারী নুরুল ইসলামের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসলাম চৌধুরীকে কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কের মাথা থেকে আটক করা হয়েছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আসলাম চৌধুরী বৈঠক করেছেন—এমন একটি খবর সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার রবিবার সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, আসলাম চৌধুরীকে দেখামাত্রই গ্রেফতার করা হবে।




















