স্টাফ রিপোর্টার : শেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জামায়াত সমর্থিত কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিরত রাখার ঘোষণা দেওয়া হয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়। ২৭ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত মাসিক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কমিটির সভাপতি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ওই ঘোষণা দেন।
ওইসময় দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে ৪টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে নাজমুল আলম সিদ্দিকী, হাবিবুর রহমান, আজম সালেহ ও খালেদ সাইফুল্লাহ নামে ৪ কর্মকর্তাকে সরাসরি বিরত রাখতে এবং জামায়াত কানেকশনের আরও কোন কর্মকর্তার নাম পেলে তাদেরকেও দায়িত্ব থেকে বিরত রাখতে স্থানীয় ইউএনওকে নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত কমিটির উপদেষ্টা হুইপ আতিউর রহমান আতিক এমপি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সদিচ্ছার কারণেই আজ দেশে দলীয় প্রতীকেও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে নৌকার পাশাপাশি জনগণ থেকে দূরে থাকা ধানের শীষের প্রতীকও ছেয়ে গেছে। তবে জামায়াতের প্রার্থী না থাকায় মানুষ দাড়িপাল্লাকে ক্রমেই ভুলে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোকÑ এটাও আমাদের প্রত্যাশা। কিন্তু জামায়াতকে কোন ছাড় নয়। সরকারি-বেসরকারি চাকরিতে থেকে কারা জামায়াতের সাথে সম্পর্ক রাখছে, পরবর্তীতে তাদেরকেও খুজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।




