শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দলের কাউন্সিলে ‘ভিশন ২০৩০’ নামে একটি পরিকল্পনার খসড়া তুলে ধরেছেন তিনি। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্য ঘোষণা করেন তিনি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী পদে ক্ষমতার ভারসাম্য আনা ও দুই কক্ষবিশিষ্ট সংসদ করার পরিকল্পনার কথাও জানান খালেদা জিয়া। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি পুনরায় তুলে ধরে তা নিয়ে আলোচনায় আসতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপিপ্রধান।
সকলকে আশ্বাস দিয়ে খালেদা জিয়া বলেন, আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকেই অহেতুক হেনস্তার শিকার হতে হবে না। তারা কারও প্রতি অবিচার করবেন না। দলের নেতা-কর্মীদের তিনি বলেন, ‘অন্ধকারের পর্দা দুলে উঠেছে। অচিরেই আলো আসবে। ভবিষ্যৎ আমাদেরই, ইনশাল্লাহ।’
১৯ মার্চ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। ‘কাটছে আঁধার আসছে আলো’ শীর্ষক শিরোনামে ২০ পৃষ্ঠার ছাপানো পুস্তিকা থেকে এক ঘণ্টা ১২ মিনিট বক্তব্য রাখেন তিনি।
‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ছয় বছর পর অনুষ্ঠিত হলো বিএনপির কাউন্সিল। সকাল পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার সাদা নিশান গাড়ি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মূল ফটক দিয়ে প্রবেশ করে। কাউন্সিলর-প্রতিনিধিসহ নেতাকর্মীদের মুহুর্মুহু করতালির মধ্যে গাড়ি থেকে নামেন হালকা গোলাপি রঙের শাড়ি পরা বিএনপি চেয়ারপারসন। তার যাওয়ার পথে মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানায়। এরপর অনুষ্ঠানস্থলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন খালেদা জিয়া। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল তোলেন দলীয় পতাকা।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামে দলীয় চেয়ারপারসনের ভূমিকা তুলে ধরে বলেন, ‘গণতন্ত্র মানেই খালেদা জিয়া, খালেদা জিয়া মানেই গণতন্ত্র।’ এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের পর বক্তব্য রাখেন খালেদা জিয়া। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দেন দলীয় নেত্রী শামা ওবায়েদ।
১৯৮৯ সালের মার্চে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেই দলের তৃতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেছিলেন খালেদা জিয়া। ২৭ বছর পর একই স্থানে কাউন্সিল করছে দলটি। মঞ্চের পেছনে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি। মঞ্চের বাম দিকে ‘গুম ও হত্যাকাণ্ডের’ শিকার নেতাদের ছবি সম্বলিত ‘হিরোজ নেভার ডাই’ শিরোনামে বিশাল ডিজিটাল ব্যানার। সেখানে ছিল নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ছবিও।
অনুষ্ঠানে মূল মঞ্চের বাঁ-দিকে বসানো হয়েছিল ৪২ ইঞ্চি টেলিভিশন। এতে লন্ডনে অবস্থানরত দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ভিডিও প্রচার করা হয়। অবশ্য তারেকের যেকোনো বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান।
তিন হাজার কাউন্সিলরের সঙ্গে ৪৫ হাজার প্রতিনিধি ও ১৬ হাজার অতিথির বসার ব্যবস্থা করে বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলররা ও সোহরাওয়ার্দী উদ্যানে ডেলিগেটরা বসেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রবেশের সময় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়।
কাউন্সিলে বক্তব্যের শুরুতে খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ভারতসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানসহ সব নেতাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
আশার আলো দেখান: পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকার পর ভোটবর্জন করে সংসদ থেকেও ছিটকে পড়া বিএনপির উঠে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগ নেতাদের সংশয়ের মধ্যে দলীয় নেতাকর্মীদের ক্ষমতায় ফেরার আশা দেখালেন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘অন্ধকারের পর্দা দুলে উঠেছে। অচিরেই আলো আসবে। ভবিষ্যৎ আমাদেরই, ইনশাল্লাহ।’
দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বিএনপিপ্রধান বলেন, ‘আপনারা জেগে উঠুন, ঐক্যবদ্ধ হউন। আপনাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তা ছিনিয়ে নিন।’
ভিশন ২০৩০: কাউন্সিলের বক্তব্যের শুরুতে বেশিরভাগ সময় জুড়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরে ‘ভিশন-২০৩০’ কর্মপরিকল্পনার খসড়া দলের কাউন্সিলে উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি জানান, তারা সঙ্কট নিরসন করে দেশ-জাতিকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ দেশ ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে ভিশন-২০৩০ শিরোনামে একটি বিস্তৃত কর্মপরিকল্পনা প্রণয়ন করছেন। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ-মধ্যম আয়ের দেশ। মাথাপিছু আয় দাঁড়াবে ৫ হাজার ডলার। এজন্য বিএনপি বার্ষিক প্রবৃদ্ধির হার ডাবল ডিজিটে উন্নীত করার সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ গ্রহণ করবে।
বিএনপির ভিশন-২০৩০ এর কর্মপরিকল্পনা এখন খসড়া পর্যায়ে। চূড়ান্ত হলে এর বিস্তৃত রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে। এর আলোকে ভবিষ্যতে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান খালেদা জিয়া।
বর্তমানে শেখ হাসিনা ‘স্বৈরাচারী কায়দায়’ দেশ চালাচ্ছে অভিযোগ করে আসা বিএনপির চেয়ারপারসন ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব খর্ব করে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনার কথা বলেছেন। তবে তা কী প্রক্রিয়ায় হবে, তা স্পষ্ট করেননি খালেদা জিয়া।
জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র অক্ষুন্ন রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কার করে বিভিন্ন সম্প্রদায়, প্রান্তিক গোষ্ঠি ও নেতৃস্থানীয় পেশাজীবীদের আইনসভায় আনতে চান তিনি। ক্ষমতার বিকেন্দ্রিকরণের পাশাপাশি গণভোট প্রথা চালু, সকল কালা-কানুন বাতিল, দলীয়করণমুক্ত দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছেন খালেদা জিয়া।
উচ্চ আদালতে বিচারক নিয়োগের যোগ্যতা ও পদ্ধতি সংক্রান্ত আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি-প্রধান। এছাড়া দুর্নীতির সঙ্গে আপস না করা, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও তদারকি শক্তিশালী করা, সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান, দেশের মাঠিতে অপর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা মেনে না নেওয়ার, প্রতিবেশী দেশগলোর সঙ্গে সোহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে পরিকল্পনায়।
ভিশনের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, তিনটি ‘গুড’ বা ‘সু’ অর্থাৎ থ্রি-জি-এর সমন্বয় ঘটাতে চান তারা। এই থ্রি-জি হলো: গুড পলিসি, গুড গভর্নেন্স এবং গুড গভর্নমেন্ট, অর্থাৎ সুনীতি, সুশাসন এবং সু-সরকার।
আবারও আলোচনার আহ্বান: সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, তিনি সকলকে আশ্বাস দিতে চান, আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে আল্লাহর মেহেরবাণীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাউকেই অহেতুক হেনস্তার শিকার হতে হবে না। তারা কারও প্রতি অবিচার করবেন না।
তিনি বলেন, শুধু তারা নন, প্রায় সকলেই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার চায়। এজন্য যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। কীভাবে সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে ব্যাপারে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা একটা সমাধানে পৌঁছাতে চান।
বিএনপির এই চাওয়ার কারণ ব্যাখ্যা করে খালেদা জিয়া বলেন, তারা কেবল ক্ষমতায় যাওয়ার উদ্দেশে একটি নির্বাচন বা সংলাপ চাইছেন না। তাদের উদ্দেশ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের সম্মতিতে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা, অস্থিরতা ও সঙ্কট থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল ও সমঝোতামূলক পরিবেশ সৃষ্টি করা।
বাংলাদেশকে অরাজকতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বানও জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষমতায় থাকা না থাকার মধ্যে বেহেশত ও দোজখের মতো দুস্তর ব্যবধান সৃষ্টি হয়েছে। স্বর্গচ্যুত হয়ে নরক যন্ত্রণা ভোগের ভয়ে তাই অনেকে ক্ষমতা ছাড়তে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। ক্ষমতায় টিকে থাকতে কিংবা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে সব রকমের অপকৌশলের আশ্রয় নিয়ে থাকে।’
এ প্রসঙ্গে তিনি আরও জানান, সরকার ও বিরোধী দলকে মর্যাদা ও অধিকারের দিক থেকে তারা যাতে আরও কাছাকাছি আনতে পারেন, তার জন্য আলাপ-আলোচনার মধ্য দিয়ে একটা পন্থা ও প্রক্রিয়াও উদ্ভাবন করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে এমন গুণগত পরিবর্তন আনতে হবে। কোনো মত, পথ ও দলকে কখনও যেন নিশ্চিহ্ন করা না যায়। সে ধরনের অপচেষ্টার পরিণামও কারো জন্য কখনও শুভ হয় না জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সে চেষ্টা না করে সংযমী ও শুভবুদ্ধি সম্পন্ন হোন।’
প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির বিপরীতে বিএনপি নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘এজন্য নতুন ধরনের সমঝোতা চুক্তিতে উপনীত হতে বিএনপি উদ্যোগ নেবে।’
কাউন্সিলরদের প্রতি আহ্বান: সারাদেশ থেকে আসা কাউন্সিলরদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাংলাদেশের অসহায় ও হতাশ জনগণ বিএনপির কাউন্সিলের দিকে তাকিয়ে আছে। আপনারা এই কাউন্সিল শেষে দিক-নির্দেশনা নিয়ে সারাদেশে জনগণের মধ্যে ছড়িয়ে পড়বেন, তাদের ঐক্যবদ্ধ করবেন। তার জন্য নিজেরা আগে ঐক্যবদ্ধ হবেন এবং সংগঠনকে সুসংঘবদ্ধ করবেন। তাহলেই তারা অজেয় শক্তিতে পরিণত হবেন।’ তিনি বলেন, ‘বিএনপির জন্য এটা কঠিন সময় হলেও অতীতের মতোই আবারও জেগে উঠেছে। গ্রিক উপকথার সেই ফিনিক্স পাখির মতো ভস্মস্তূপ থেকেই বারবার আপন শক্তিতে বলিয়ান হয়ে নতুন উদ্যমে জেগে উঠবে বিএনপি।’
শুভেচ্ছা বক্তব্য দেন বিদেশি অতিথিরা: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, পাকিস্তান, ভারত, রাশিয়া, কুয়েতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যোগ দেন। তাদের কয়েকজন উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ভারতের বিজেপির নেতা সাবেক সাংসদ বিজয় জলি ভিডিও ফুটেজের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য পাঠিয়ে বিএনপির সম্মেলনের সাফল্য কামনা করেন। যুক্তরাজ্যের স্বতন্ত্র সাংসদ সাইমন ড্যানজাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাংসদ ফিলিপ বেনিয়ন, যুক্তরাষ্ট্রের শিকাগোর রাজনীতিবিদ ও জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা অল্ডারম্যান জোয়েজন মুর, ডেমোক্রেটিক পার্টির নেত্রী মিস বারবারা মুর শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে তারা আশা করেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার পথে সহযোগী হিসেবে থাকবেন। একইসঙ্গে তৃণমূল থেকে বিএনপি সাংগঠনিকভাবে সুসংগঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বিশিষ্ট অতিথিবৃন্দ: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ইসমাইল জবিউল্লাহ, কবি আল মুজাহিদী, সাংবাদিক ইউনিয়ন নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, এম আবদুল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।
জোট ও দলীয় নেতা: অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ, সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, জামায়াতের তাসনীম আলম, আবদুল হালিম, আন্দালিব রহমান পার্থ, শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, এম মোরশেদ খান, রাবেয়া চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, হারুন আল রশীদ, আলতাফ হোসেন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এড. খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মাহমুদুল হাসান, ওসমান ফারুক, আবদুল মান্নান, মীর নাসিরউদ্দিন, এ জে মোহাম্মদ আলী, মুশফিকুর রহমান, আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আমীনুল হক, আবদুল কাইয়ুম, জয়নাল আবেদীন, এজেডএম জাহিদ হোসেন, জহুরুল ইসলাম, আহমেদ আজম খান, মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ। বিএনপি থেকে বহিষ্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীও অনুষ্ঠানে যোগ দেন।




















