রেজাউল করিম বকুল : দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ মার্চ রবিবার ৫ ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শ্রীবরদী উপজেলার ৩ ইউনিয়নে ৭ জন এবং নকলার দুই ইউনিয়নে ২ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তন্মধ্যে একজন রয়েছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী, অন্যরা বিএনপি-আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। এদিকে, নকলা উপজেলার ১ নং গণপদ্দি ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনের বয়স না হওয়ায় তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।
উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নে প্রত্যাহারকারী ৪ জন হলেন-ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, আব্দুল কাদির ও আব্দুল খালেক। খড়িয়া কাজীর চর ইউনিয়নে ২ স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ও হাবীবুর রহমান এবং কুড়িকাহনিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিরুল্লাহ। নকলার ২নং নকলা ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহিনুর রহমান শাহিন এবং ৭ নং টালকি ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন বুলবুল তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ শেরপুর জেলায় ১৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে সদর উপজেলায় একটি, নকলায় ৯ টি ইউনিয়নের সবকটিতে এবং শ্রীবরদীতে ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
























