শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিককে হত্যার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ সোমবার ওই তথ্য জানায়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাভেলা সিজার (৫১) নামের ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই এমন খবর আসে ওই ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই বিবৃতির নিচে জুড়ে দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইতালির ওই নাগরিক নিহত হন। মধ্যরাতে গুলশান থানায় ঢাকায় ইতালি দূতাবাসের পক্ষ থেকে একটি মামলা করা হয়। তাভেলা সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামে বেসরকারি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। আইসিসিও বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের কারণ ও কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এ বিষয়ে এখনও তারা নিশ্চিত নন। হত্যা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, গুলশানের কূটনৈতিক এলাকার এক সড়কে তিন জন মোটরসাইকেল আরোহী ইতালির নাগরিক তাভেলা সিজারের নিকটবর্তী হয় এবং তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি করে। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
এর আগে ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানের ১১৭ নম্বর সড়কে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। একই বছরের ৩০ ডিসেম্বর এ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।



















