শ্যামলবাংলা ডেস্ক : জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশের নেয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ তুলে দেয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পুরস্কার উৎসর্গ করলেন দেশের মানুষকে।
রবিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিম স্টেইনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণ করে উচ্ছসিত শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগের সঙ্গে লড়াই করে কিভাবে টিকে থাকতে হয় বাংলাদেশের মানুষ তা শিখেছে। বাংলাদেশ নিজস্ব সম্পদ থেকেই সেটা করছে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনগণের দৃঢ় ও আন্তরিক ইচ্ছার প্রতিফলন হচ্ছে এ পুরস্কার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ পরিবেশ মোকাবেলার ক্ষেত্রে অনেক উন্নত দেশই বাংলাদেশকে অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বাস্তবে যেসব সব সহায়তা মেলেনি। সহায়তা না পেলেও বাংলাদেশ বসে থাকেনি। নিজস্ব তহবিল থেকেই বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার কাজ শুরু করে দিয়েছে সরকার।’
স্টেইনার বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগে বিশ্বে প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে নিজস্ব জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে, বাংলাদেশে বাজেটের ৬-৭% অর্থ নির্দিষ্ট করে রাখা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত শঙ্কা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য।
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে ইউএনইপি। নীতি নির্ধারণী, বিজ্ঞান, ব্যবসায় ও সুশীল সমাজ-এই চারটি ক্যাটাগরিতে মোট ৬৭ জনকে এবার পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল।




















