নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখনই ক্ষমতায় থাকেন, নেতৃত্ব দেন- তখনই দেশের আমূল চেহারা বদলায়। উন্নয়ন-সম্ভাবনার দিগন্ত সূচিত হয়। আল্লাহর রহমতে গত সাড়ে ৬ বছরে শেখ হাসিনার প্রচেষ্টায় দেশটাকে এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে ভিজিএফের চাল না পেলেও বাংলাদেশের কোন মানুষ ভাত না খেয়ে থাকবে না। এটাই শেখ হাসিনার দিন বদলের রাজনীতি। আর এই দিনগুলো দেখার জন্যই আমরা রাজনীতি করি। মন্ত্রী ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদ-উল-আযহা উপলে গরিব-দুঃস্থদের মাঝে ১০ কেজি করে স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকালে ওইসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কথা মনে করে আমরা যে শক্তি পাই, যে দায়িত্ববোধ আমাদের মাঝে কাজ করে; সেই বোধ, সেই দায়িত্ব থেকেই বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করে আমরা দেশের মানুষকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, লেখাপড়া করাচ্ছি। গরিব দেশকে নিম্নমধ্যবিত্তের দেশে রূপান্তরিত করতে সম হয়েছি। এভাবেই আগামীতে দেশ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত হবে।
এদিন মন্ত্রী সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে নালিতাবাড়ী পৌঁছে বিকেল থেকে রাত পর্যন্ত বাঘবেড়, রাজনগর, নন্নী ও পোড়াগাঁও এ ৪ ইউনিয়নের প্রায় ৫ হাজার হতদরিদ্রের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ন কবীর রুমান, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























