টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই এলাকাবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত: ৫০ জন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ওই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- কালিহাতী এলাকার কবির হোসেন ও ফারুক। এদের মধ্যে কবির হোসেন টাঙ্গাইল মেডিকেলে আর ফারুক হোসেন কালিহাতী স্বাস্থ্য কেন্দ্রে মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। ঘটনা নিয়ে থানায় মামলা হয়েছে। এদিকে ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায়, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া এলাকার মোজাফফর হোসেনের ছেলে রফিকুল ইসলাম ওরফে রোমার স্ত্রী হোসনে আরার সঙ্গে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার শ্রমজীবী আলামিনের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে আলামিনের সঙ্গে পালিয়ে যায় হোসনে আরা। পরে তাকে ফিরিয়ে আনা হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর আবারো আলামিনের সঙ্গে পালিয়ে যায় হোসনে আরা।
জানা গেছে, পরকীয়ার জের ধরে রোমার স্ত্রীর প্রেমিকের মাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সড়ক অবরোধ করে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
ধর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।
পুলিশ অবরোধ উঠাতে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে আটক করে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
পরে অতিরিক্ত পুলিশ এসে অবরোধকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ অবরোধকারীদের হঠাতে লাঠিপেটা, প্রায় ৬০ রাউন্ড শটগানের গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে এক নারীসহ ছয়জন গুলিবিদ্ধ হন। এ সময় প্রায় অর্ধশত গ্রামবাসী আহত হন।
গুলিবিদ্ধদের কালিহাতী স্বাস্থ্য কেন্দ্র ও টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। টাঙ্গাইল মেডিকেল ও কালিহাতী স্বাস্থ্যকেন্দ্র সূত্র দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।




















