স্টাফ রিপোর্টার : জামালপুরে ভেজাল সেমাই কারখানার ৩ মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে ওই দন্ড দেওয়া হয়। দন্ডিতদের মধ্যে সদর উপজেলার কলাবহ গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে মাজেদা (২৮)কে ১০ হাজার টাকা, গহেরপাড়ার হরমুজ আলীর ছেলে রসুল মাহমুদ (৪৪) কে ৫ হাজার টাকা ও একই গ্রামের হুমায়ুন মিয়ার স্ত্রী মোর্শেদা (২৬)কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিলের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদরের গহেরপাড়া এবং কালাবহ এলাকায় অভিযান পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল সেমাই তৈরী ও বিক্রয় করার অপরাধে ওই ৩ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা বাবদ ১৭ হাজার টাকা আদায় করা হয়।




















