শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট শুরুর চার ঘণ্টার মাথায় বেলা ১২টার পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
তিনি বলেন, “এটা কোনো নির্বাচন হয় নাই। এটাকে নির্বাচন বলা যায় না। ভোটবিহীন এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি। … এই নির্বাচন আমরা বর্জন করি। এতে গণতন্ত্রের প্রহসন করা হয়েছে।” ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও উত্তরের প্রার্থী তাবিথ আওয়ালকে পাশে নিয়েই এ ঘোষণা দেন মওদুদ।
এরপর আফরোজা ও তাবিথও বিভিন্ন অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম এর ঘণ্টাখানেক আগেই ভোট বর্জনের কথা জানান।
মওদুদ বলেন, “আবার প্রমাণ হলো এই দেশে কোনো গণতন্ত্র নেই। আবার প্রমাণ হলো এ দেশের মানুষের ভোটের অধিকার নাই।”



















