চুয়াডাঙ্গা প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জের হরিজন সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙ্গচুর করেছে প্রতিবেশি ওয়াজেদ গ্রুপ। এতে শাহাবুর আলী গ্রুপের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। আহতরা হলো এতে শবুর আলীর মা ভাবিলা (৬৫), বোন শাহিনা (৩৫), শাহিনার ছেলে শাহিন (১৭), শবুরের ভাই মোঃ মনোয়ার হোসেন (৩৮), তার স্ত্রী রেহেনা বেগম (৩০)সহ কমপক্ষে ৮ জন আহত হয়। এদের মধ্যে ভাবিলার অবস্থা গুরুতর। আহতদের অধিকাংশই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাহাবুর আলী জানায়, তার লিজ নেয়া আমবাগানের ভিতর দিয়ে ওয়াজেদরা বিদ্যুতের লাইন নিয়েছে। এতে বিদ্যুতের তার লিক হয়ে ফলন্ত আম গাছের ডাল শুকিয়ে যায়। তাছাড়া বাগানের পাশে প্রায় ২৫টি পরিবার নিয়ে গড়ে হরিজন ম্প্রদায়ের বাড়ির টিনের চালের উপর দিয়েও বিদ্যুতের তার রয়েছে। এতে যে কোন সময়ে বড় ধরণে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে ওয়াজেদের ছেলেদের বিষয়টি জানিয়ে একটু উপর দিয়ে তার নেবার জন্য দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি উঠলে ওয়াজেদ গ্রুপের লোকজন বড় বড় রাম দাসহ দেশীয় অস্ত্র নিয়ে শবুর আলীর লোকজনের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ৮ জন আহত হয়। এরই জের ধরে রাতে ওয়াজেদের লোকজন ধরালো অস্ত্র দিয়ে হরিজন সম্প্রদায়ের লোকজনের বাড়িতে কোপায় ও ইট ছুড়ে মারে। ঘটনার আকস্মিকতায় তারা হতবিহবল হয়ে বাড়ি-ঘর ছেড়ে পাশের বাগানে আশ্রয় নেয়। বর্তমানে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, ক্ষতিগ্রস্থদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।



















