শ্যামলবাংলা ডেস্ক : ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসীকে ‘নীরব প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে বিরাট শক্তি। ভোট হচ্ছে জনগণের এক বিরাট ক্ষমতা। সঠিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করুন। নীরব বিপ্লব ঘটান। আপনারা কেউ ভয় পাবেন না।’ তিনি ২৬ এপ্রিল রবিবার রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। নির্বাচনী প্রচারে নেমে জনগণের আবেগ, উচ্ছ্বাস দেখে অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিএনপির এই নেত্রী বলেন, গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। তাদের সব হিসাব পাল্টে গেছে।

সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়েই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বক্তব্য দেন খালেদা জিয়া। নির্বাচনে পূর্ণ বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী নামানোর দাবি জানান তিনি। সে সঙ্গে আরও নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবরোধ সক্রিয় নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই। কামান-বন্দুক নেই। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার নেই। কোনো বাহিনী নেই। সশস্ত্র সন্ত্রাসী নেই। আমার আছে শুধু আল্লাহর ওপর ভরসা আর দেশবাসীর সমর্থন ও দোয়া। এর ওপর নির্ভর করেই আমি রাজপথে নেমেছি। জনগণের কাছে যাচ্ছি। এতে এতো ভয় পাওয়ার কী আছে? কিন্তু তারা ভয় পেয়েছে। এতোদিন তারা প্রচার করতো যে, আমি নাকি জনবিচ্ছিন্ন হয়ে গেছি। বিএনপি ও ২০ দলীয় জোটের কোনো জনসমর্থন নেই। কিন্তু আমি জনসংযোগে নামতেই যে দৃশ্যের অবতারণা হয়েছে, তাতে তাদের এতো দিনকার সব প্রচারণা মিথ্যে হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা প্রকাশ্যে আমার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তাদের নেতাকর্মী, সমর্থক ও সশস্ত্র সন্ত্রাসীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তারা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এবং সাংবাদিকদের উপস্থিতিতে উত্তরা, কারওয়ান বাজার, ফকিরেরপুলের কাছে ও বাংলামোটরে আমার গাড়িবহরে পরপর চারদিন হামলা করেছে। বাংলামোটরে আমাকে বহনকারী গাড়ির ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।’
সিটি নির্বাচনে অংশগ্রহণের পেছনে সাতটি কারণ ব্যাখ্যা করে খালেদা জিয়া বলেন, বিএনপি এই নির্বাচনকে ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছে। তিনি বলেন, বিএনপি এই সিটি করপোরেশন নির্বাচনকে সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি টেস্ট কেস হিসেবে নিয়েছে। এটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হবে না।
আওয়ামী লীগের প্রার্থীরা অবৈধ টাকা ছাড়াচ্ছে দাবি করে খালেদা জিয়া ভোটারদের উদ্দেশে বলেন, ‘ওদের কাছ থেকে টাকা নিলেও ভোট বিক্রি করবেন না। টাকা নেবেন কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন।’ তিনি ভোটারদের ভোট শেষে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘এবার নিজেদের স্বার্থেই বুঝে শুনে ভোট দিতে হবে। ভোটের ফল বুঝে নিতে হবে।’
বিএনপি সমর্থিত তিন মেয়রপ্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের বলব দয়া করে পরিবর্তনের পক্ষে, শান্তির পক্ষে আপনার ভোটটি দিন।’



















