শ্যামলবাংলা ডেস্ক : ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ওই কথা জানান। আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে হানিফ বলেন, কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ৫ জানুয়ারি বিকেল ৩ টায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।
বুধবার বকশীবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে হানিফ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী ওই হামলার ঘটনা ঘটিয়েছে।



















