ads

সোমবার , ১০ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন আর নেই

খবর টি পড়েছেন : ১৭৬
স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Syed-Mainulশ্যামলবাংলা ডেস্ক : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন আর নেই। ১০ নভেম্বর সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল শাফি মজুমদার বলেন, মাইনুল হোসেন হার্ট অ্যাটাক নিয়ে রবিবার ভর্তি হয়েছিলেন। তার রক্তচাপেরও সমস্যা ছিল। সোমবার বেলা আড়াইটায় উনার মৃত্যু হয়। জীবনের শেষ দিনগুলোতে মানসিকভাবেও পুরোপুরি সুস্থ ছিলেন না মাইনুল। প্রচারের আড়ালে একেবারেই নিভৃতে একাকী জীবন বেছে নিয়েছিলেন তিনি।
তার বন্ধু ও এক সময়ের সহপাঠী স্থপতি বদরুল হায়দার জানান, মাইনুল হোসেনের মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে নেওয়া হবে তার শান্তিনগরের বাসায়। রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। মাইনুল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি ধরে রাখতে সরকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নিলে ১৯৭৮ সালে নকশা আহ্বান করা হয়। জমা পড়া ৫৭টি নকশার মধ্যে বাঙালির স্মৃতির মিনারের জন্য নির্বাচিত হয় ২৬ বছরের তরুণ মাইনুল হোসেনের পরিকল্পনা। তার নকশা অনুযায়ী স্মৃতিসৌধের বেদীমূল থেকে উঠে দাঁড়িয়েছে সাতটি ত্রিকোণ কলাম, যার মধ্যে সবচেয়ে বড়টি ১৫০ ফুট উঁচু। এই সাতটি কলামে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাতটি পর্যায় সূচিত হয়েছে। আকার আকৃতিতে ভিন্নতা থাকায় একেক দিক থেকে স্মৃতিসৌধকে দেখায় একেক রকম।
১৯৭৬ সাল থেকে ২২ বছরের কর্মজীবনে সৈয়দ মাইনুল হোসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নকশার কাজে সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (১৯৭৭), বাংলাদেশ বার কাউন্সিল ভবন (১৯৭৮), চট্টগ্রাম ইপিজেড কার্যালয় (১৯৮০), জাতীয় যাদুঘর (১৯৮২) ও উত্তরা মডেল টাউন (১৯৮৫) এর নকশাও রয়েছে।
মাইনুল হোসেনের জন্ম ১৯৫২ সালে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে। ১৯৭০ সালে তিনি যখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগে ভর্তি হন, বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন তখন তুঙ্গে। স্বাধীন দেশে ১৯৭৬ সালে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি পান মাইনুল হোসেন। ইএএইচ কনসালটেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করলেও কয়েক মাসের মধ্যে তিনি যোগ দেন বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেডে।
এরপর ১৯৯৮ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এই স্থপতি, নকশা করেছেন বহু গুরুত্বপূর্ণ স্থাপনার। আর এর স্বীকৃতি হিসাবে ১৯৮৮ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাঁচগাঁও-কলমাকান্দা জিসি সড়ক উদ্বোধন পরবর্তী সংবাদ পাবনায় জেএসসিতে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে খ্রিস্টান ধর্মের পরীক্ষা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads