ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী সীমান্তের ভারতীয় অভ্যন্তরে এক বাংলদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার রাত ৮টার দিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার ২১-বিএসএফ বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা বেউড়ঝাড়ী সীমান্তের ৩৮০/৩ সীমান্ত পিলারের ওপারে ভারতীয় অংশে তাকে আটক করে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক বাংলাদেশি বালিয়াডাঙ্গী উপজেলার বড় চড়–ইগাতী গ্রামের মুক্তারুল ইসলাম (২০) বৈধ কাগজপত্র না দেখাতে পেরে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ’র হাতে আটক হয়।
বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের ৩০ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এটিএম নাজমুল হুদা জানান, এ ব্যাপারে আটক বাংলাদেশীকে ফেরৎ চেয়ে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়েছে । আজ (সোমবার) সকাল ১১ টায় এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।



















