চুয়াডাঙ্গা প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রশ্নের মীমাংসা হওয়া উচিত ছিলো আজ থেকে ৪২ বছর আগেই, পঁচাত্তরের পট-পরিবর্তনের কারণে আজও তার কোনো সুরাহা হয়নি। বরং উল্টোপথে হেঁটেছে বাংলাদেশ। স্বাধীনতার বিরোধীতা করে রাষ্ট্রের পবিত্র সংবিধানকে না মেনেও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে জামায়াত-শিবিরচক্র। স্বাধীনতা বিরোধীদের আজকের এ আস্ফালন পঁচাত্তর পরবর্তী ব্যর্থ ও মেরুদ-হীন রাজনীতিরই করুণ চিত্র। এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে সমাজের প্রতিটি স্তরে।

চুয়াডাঙ্গা সফরকালে পথসভায় উপরোক্ত মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। দেশের দক্ষিণ পশ্চিমের ৭ জেলায় জাগরণ যাত্রার অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা সফর করেন। ইমরান এইচ সরকার বলেন, আমি, আপনি-আমরা একসাথে সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ, যারা লুটপাট, অপশক্তি ও সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না তারাই একদিন সংগঠিত হয়ে আগামী দিনে অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার ও রায় দ্রুত কার্যকর করাসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে গণজাগরণ মঞ্চের জাগরণযাত্রার চুয়াডাঙ্গার পথসভায় জাগরণ মঞ্চের মুখপাত্র ডা. এইচএম ইমরান সরকার এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রপতির যুদ্ধাপরাধীদের ক্ষমার বিধান বাতিল করতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে পৌঁছান। এ সময় মঞ্চের জহির রায়হান, সাবেক কমান্ড নুরুল ইসলাম মালিক, আদিল ও সাঈদ আলম মানুসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীরা তাকে স্বাগত জানান। ডা. ইমরান সরকারের সাথে ছিলেন- গণজাগরণ মঞ্চের সংগঠক ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারিখ, সাধারণ সম্পাদক লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের সভাপতি জর্নাদন দত্ত, শিবলী সাদিক, মারুফ রাসেল, প্রীতিলতা, মুক্তা বাড়ইসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় ১০ মিনিটের পথসভা শেষে জাগরণ যাত্রার বহরটি মেহেরপুরের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করে।



















