রফিক মজিদ : আমার সাংবাদিকতার বয়স প্রায় ২০ বছর। আমার এ দীর্ঘ সাংবাদিকতার বয়সে শেরপুরের সিনিয়র সাংবাদিকদের মধ্যে সবচেয়ে কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসাবে পরিচিত প্রয়াত সাংবাদিক জয়নুল আবেদীনকে। তিনি শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই অর্থাৎ ১৯৮১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত টানা প্রায় ২৭ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০০৭ সালে ১৭ অক্টোবর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সে সময় আমি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। সংগত কারণেই তার মৃত্যুর পর আমি ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের মে মাস পর্যন্ত প্রায় দেড় বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম।
আমি মূলতঃ সাংবাদিকতার শুরুতেই শেরপুর প্রেসক্লাবের সদস্য পদ লাভ করি। আর সে কারণেই আমার সাংবাদিকতার শুরু থেকেই তার সান্বিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। শুধু সাংবাদিকতা পেশায় নয়, তার সাথে আমার ব্যাক্তিগত সম্পর্কও ছিল খুবই মধুর। বয়সে অনেক বড় হলেও তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুসুলভ। তার মুখ থেকে আমি কোন দিন কোন শিশুকেও তুমি বা তুই বলতে শুনিনি। বয়সে তার চেয়ে অনেক ছোট কোন মানুষকেও তিনি আপনি ছাড়া সম্বোধন করতো না। এ কারণেই যে কোন সাংবাদিক এবং সাধারণ মানুষের তার প্রতি আলাদা সম্মান ও শ্রদ্ধা জন্মিয়ে ছিল বলে আমার মনে হয়েছে। সাংবাদিক জয়নুর আবেদীন ভাইকে আমার ব্যক্তিগত একটি কাজে এতো উৎপ্রোতভাবে খাটতে দেখেছি যে, আমি নিজেও হয়তো অন্য কারো জন্য এতোটা খাটতে বা সময় ব্যয় করতে পারতাম না।
যাইহোক, তিনি আমাদের সাংবাদিকতা পেশায় যে সততা দেখিয়ে গেছেন তা আমাদের অনুকরনীয় হয়ে থাকা উচিত। তিনি সাংবাদিকতার পাশাপাশি যে দক্ষতার সাথে শেরপুর প্রেসক্লাবের উন্নয়নে এবং এর সুনাম ও ঐতিহ্য ধরে রাখার জন্য পরিশ্রম করে যে অবদান রেখে গেছে তা শেরপুর জেলার সাংবাদিকতার ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে চিরদিন। বর্তমান সময়ে আমাদের অনেকেরই সে দক্ষতা ও ধৈর্য্য নেই যে সাংবাদিক সংগঠনের জন্য এতোটা সময় ব্যয় করবো। সাংবাদিকতার পাশাপাশি সবচেয়ে বেশী তার কাছ থেকে শিখেছি সাংগঠনিক কাজকর্ম। আমার জীবনে সংগঠন চালানোর যে টুকু অভিজ্ঞতা হয়েছে তার সিংহ ভাগ শিখেছি জয়নুল ভাইয়ের কাছ থেকেই। অর্থাৎ সংগঠন পরিচালনার হাতেখড়িই ছিল জয়নুল ভাই।
সাংবাদক জয়নুল ভাই শুধু সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকই ছিলেন না। মানুষ হিসেবে তিনি ছিলেন একজন বড় মনের মানুষ। ব্যক্তি জীবনে জয়নুল ভাই পার্টস এর ব্যবসার সাথে জড়িত ছিল। ওই ব্যবসাতে তার সততার সুযোগ নিয়ে অনেকেই তাকে ঠকিয়েছে এবং তার ব্যবসায়ীক অর্থ আত্মসাত করেছে। তার পরও তাকে কোনদিন মুখ খুলে প্রতিবাদ করতে দেখেনি। তার মৃত্যুর পর আমার জানা মতে শহরের অনেক নামী-দামী ব্যক্তি জয়নুল ভাইয়ের কাছ থেকে আত্মসাত করা টাকা দিয়ে সদর্পে চলাফেরা করতে দেখেছি। কেউ কেউ আবার চলতি বছর হজ্ব পালন করছে।
আমাদের নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন আমাদের পেশার শেকড়ের সন্ধান নিয়ে সে শেকড়ের পথ অনুসরণ করে পথ চলতে পারি। তাহলেই আমরা এবং আমাদের পরবর্তি প্রজন্ম সৎ, নির্ভিক ও নিষ্ঠাবান সাংবাদিকতার ধারক-বাহক হতে পারবো। সেই সাথে সমাজ এবং দেশের জন্য কিছু একটা করার তৃপ্তি নিয়ে মরতে পারবো।
আগামী ১৭ অক্টোবর জয়নুল ভাইয়ের ৭ম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকীতে আমরা ক’জনই তাকে স্মরণ করি ? এই স্মরণ না করাটা আমাদের ব্যার্থতা। তার প্রথম মৃত্যুবার্ষিকী’র সময় আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ক্লাব ঘরে ছোট পরিসরে মিলাদ ও স্মরনসভা আয়োজন করলেও পরবর্তি প্রেসক্লাব বা কোন সাংবাদিক সমাজ থেকে তাকে আর স্মরণ করা হয়নি। দীর্ঘ দিন পরে হলেও শেরপুর প্রেসক্লাবের একটি নতুন কমিটি হয়েছে। এ কমিটি’র কাছে আমার আবেদন থাকবে শুধু জয়নুল ভাই নয়, শেরপুরের আরো যারা বরেণ্য সাংবাদিক প্রয়াত হয়েছেন এবং জীবিত যারা রয়েছে তাদের সম্মাননায় কিছু একটা করা হোক। তাহলেই আমরাও ভবিষ্যতে তাদের মতোই মূল্যায়ন পাবো। আর তা না হলে আমরাও এক দিন প্রয়াত হবো। কিন্তু নিজের আত্মীয়-স্বজন ছাড়া কেউ জানবে না যে আমার মৃত্যু হয়েছে। কারণ মানুষ মরলেও বেঁচে থাকে তার কর্মে এবং তার আত্মত্যাগে। যেমনটি বেঁচে আছে আমাদের জয়নুল ভাই। শেরপুর প্রেসক্লাব যতদিন থাকবে অথবা সাংবাদিকতা যতদিন শেরপুরে থাকবে ততোদিন জয়নুল ভাইকে স্মরণ না করে বা তার নাম না নিয়ে শেরপুর জেলার সাংবাদিকতার ইতিহাস রচনা শুদ্ধ হবে না।
লেখক : সাংবাদিক, উপদেষ্টা সম্পাদক, শেরপুর টাইমস ডটকম।



















