মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরের নয়নাভিরাম ছাতরা বিলে এবারের ঈদেও শত শত নারী-পুরুষ তাদের ভ্রমণ পিপাসা মেটানোর জন্য ভীড় জমিয়েছিলেন। তবে বরাবরের মত নয়। এ বিলে এবার ওইস্থানের লোকজনদের উদ্যোগে ব্যতিক্রমী নৌকা বাইচের উদ্যোগের ফলে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে বিপুল সংখ্যক নারী-পুরুষের সমাগম ঘটেছিল। বিল এলাকায় মানুষের ভীড়ে তিল ধারণের জায়গা ছিলনা। নৌকা বাইচ প্রতিযোগীতার অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ সাত্তারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিলের স্বচ্ছ পানিতে নৌকার বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন শত শত নারী-পুরুষ ও শিশু। পর্যটনের অপার সম্ভাবনাময় এ বিলের চারপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকা যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রকাশ করে চলেছে নীরবে। সেই সৌন্দর্য উপভোগ করতে আসা নারী-পুরুষ ও শিশুরা মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুটে তোলা অপরূপ সৌন্দর্যময় এ বিল নওগাঁ জেলা সদর থেকে ৩৫ কিঃমিঃ এবং মহাদেবপুর উপজেলা সদর থেকে ১৫ কিঃমিঃ পশ্চিম দিকে অবস্থিত। এ বিলের পশ্চিম প্রান্তের মাঝামাঝি স্থান থেকে শুরু হয়েছে নিয়ামতপুর উপজেলা। নিকটবর্তী নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ঠিক মধ্যবর্তী জায়গায় অবস্থিত এ বিল এলাকায় যাতায়াত করা যায় সহজেই। এ কারণে বরাবরের মত এবারের ঈদেও ছাতরা বিল এলাকা সরগরম হয়ে উঠেছিল শত শত ভ্রমণ পিপাসুর পদচারণায়। তারা ঈদে অবসর সময়ে আনন্দ নিতে এ বিল এলাকায় ছুটে এসেছিলেন বেড়াতে। বিলের উত্তর এবং দক্ষিণ দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়েই রয়েছে পানি প্রবাহের ব্যবস্থা। বিলের মাঝ দিয়ে তৈরী করা হয়েছে কয়েক কিলোমিটার লম্বা পাকা সড়ক। সড়কের মধ্যে রয়েছে পর পর দু’টি ব্রিজ। দেখে মনে হবে যেন বিশাল কোন সমুদ্র-সৈকত এলাকা। বিলের চারপাশেই গড়ে উঠেছে অনেক নিভৃত পল্লী এবং গ্রামীণ হাটবাজার। এসবের মধ্যেই প্রকৃতির অপরূপ সাজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এ বিল। বিলের পানিতে মনের আনন্দে ডিঙ্গী নৌকা ভ্রমণে অতীত সময়গুলোতে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। তবে এ বিল এলাকা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহুর্তটা মনে রাখার মত। এ রকম নয়নাভিরাম পরিবেশে যে বিল অবস্থিত সে বিলটিকে পর্যটনের অপার সম্ভাবনা হিসেবে দেখছেন ভ্রমণ পিপাসুরা। ভ্রমণ পিপাসুদের মধ্যে ফেরদৌসী বেগম, নাজনীন নাহার, ইয়াসমিন আরা, লাইলা আরজুমান আরা, আঃ খালেক ও আলী আহসান জানান, সত্যিকারের ভ্রমণ পিপাসা মেটানোর জন্য খুব সহজে এত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের প্রাকৃতিক জায়গা খুঁজে পাওয়া কঠিন।




