মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৭ম শ্রেণীর ৭ ছাত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। অসুস্থ্যরা হলো- রেকসোনা, তাজমিনা, সুখী, লিপি, উম্মে হানি, জলি ও রেখা।
গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক আকবর আলী জানান, মাদ্রাসায় কোচিং করার সময় ৭ম শ্রেনীর ছাত্রী জলি হঠাৎ করে বুকে যন্ত্রনা অনুভব করে। তার পরপরই তার হাত ও পা অবশ হতে থাকে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পরপরই একে একে আরো ৬ জন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. অলোক কুমার দাস জানান, মাস সাইকোজেনিক (মানসিক সমস্যা) জনিত কারনে এসমস্যা হয়েছে। এটি একটি সামাজিক রোগ। এ রোগী কেউ দেখলে তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক ঘন্টা পরেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে জানান তিনি।
এদিকে এদিন বিকেলে অসুস্থ্য ৭ জন ছাত্রীকে তাদের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।

মেহেরপুরের সর্বোচ্চ আয়করদাতার সম্মননা পেলেন ৩ ব্যবসায়ী
মেহেরপুর জেলার সর্বোচ্চ আয়করদাতা হিসেবে সম্মননা পেয়েছেন ৩ ব্যবসায়ী। এরা হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ গোলাম রসুল এবং বিশিষ্ট টেলি কমিউনিকেশন ব্যবসায়ী কার্জন আহম্মেদ। গতকাল সোমবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে খুলনা বিভাগীয় কর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেহেরপুর জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে ওই তিন ব্যবসায়ীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শিশু-কিশোর কারাবন্দীদের মুক্তির বিষয়ে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিশু-কিশোর কারাবন্দীদের মুক্তির বিষয়ে এক আলোচনা সভা গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামান, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা সমাজ সেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্র্রমুখ। অনুষ্ঠানে শিশু-কিশোর কারাবন্দীদের মুক্তির বিষয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবয়ের লক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রাধাকান্তপুর ও বন্দর জয়ী
মেহেরপুর সদর উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুটবলে বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কতুবপুর ইউনিয়নের সুবিদপুর দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় একমাত্র গোলটি করে মহিবুল।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপে আমদহ ইউনিয়নের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে পিরোজপুর ইউনিয়নের সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কবিতা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা সহকারী শিক্ষা অফিসার জাভেদ আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।



















