ইয়ানুর রহমান,যশোর : শার্শার বারোপোতা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে ইয়াব আলী বাহিনীর সদস্য কাশেম আলী (৪৫) ও আশরাফ আলী (৩৫) নামে ২ সন্ত্রাসী গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে কাশেম আলীর দু’হাতের কবজি উড়ে গেছে এবং সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে ও আশরাফের সমগ্র শরীর ঝলসে গেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় পুলিশ কাশেম আলীসহ ৩জনকে আটক করেছে। কাশেম আলী গোগা গ্রামের মকবুল হোসেনের পুত্র। অপর আটককৃতরা হল রহমতপুর গ্রামের কুদ্দুস শরিফের পুত্র লুৎফর রহমান (৩০), দক্ষিন বারোপোতা গ্রামের গনি মোড়লের পুত্র ইব্রাহিম (২৮)।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, দুপুর আড়াইটার দিকে বারোপোতা গ্রামের আশরাফের বাড়িতে বসে কাশেম ও আশরাফ মিলে বোমা বানাচ্ছিল। এ সময় একটি বোমার বিস্ফোরন ঘটলে কাশেম’র দুটি হাত উড়ে যায় ও আশরাফের দেহ ঝলসে যায়। গুরুতর জখম অবস্থায় সজনরা তাদের গোপনে চিকিৎসা দিতে প্রাইভেট কারে করে গোপন স্থানে নেয়ার সময় শার্শার বাগআঁচড়ার কায়বা এলাকা থেকে এস আই বায়েজিদ কাশেম আলীসহ ৩জনকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এদিকে ইয়াব আলী বাহিনীর অপর সন্ত্রাসী আশরাফকে পুলিশ এখনো আটক করতে পারেনি।
বেনাপোল বন্দর থানার এসআই হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বোমা বিস্ফোরনে আহতদের মধ্যে একজন আটক হলেও আশরাফ আটক হয়নি। তাকে সম্ভাব্য সকল স্থানে খোজা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা জানান, বেনাপোলের যুবলীগের এক শীর্ষ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির আশির্বাদ পুষ্ট সন্ত্রাসী বাহিনী প্রধান ইয়াব আলী হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে বাড়ি এসে এলাকায় আধিপত্ব বিস্তার করতে শত শত বোমা তৈরীসহ আবারো সন্ত্রাসীদের একত্রিত করে চলেছে। ইতিমধ্যে ঐ রাজনৈতিক নেতার আশ্রয়ে থাকা সকল সন্ত্রাসী বাহিনীর প্রধানদের সাথে গোপন বৈঠক করেছে বলে অভিযোগ উঠেছে।



















