দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপর পৌর গোরস্থান থেকে আবারো শুরু হয়েছে কঙ্কাল চুরি। একটি সংঘবদ্ধ দল রাতের আধারে কবর খুড়ে চুরি করে নিয়ে যাচ্ছে কবর দেয়া মানুষের লাশ ও কঙ্কাল।

বনপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পাশা (৩৫) ও মৃত সোহরাব হোসেনের ছেলে লিটন (২৮) বুধবার রাত ৮টায় তিনটি কবর খুড়ে কঙ্কাল চুরির সময় গোরস্থানের পাহাড়াদার নজরুল ইসলাম ও নওশের আলীসহ এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় চুরি করা কঙ্কালের বস্তা ফেলেই পাশা ও লিটন পিছনের দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর কঙ্কালগুলো কবরে নামিয়ে রাখা হয়। এলাকাবাসী জানিয়েছে, গোরস্থানে অসংখ্য গাছ রয়েছে। রয়েছে ঝোপ ঝাড়। তাছাড়া পর্যাপ্ত বাতি না থাকায় চোরের দল সহজেই এই অপকর্মটি চালিয়ে যাচ্ছে। কয়েক মাস আগেও কয়েকটি কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটে। পাশা, লিটন ছাড়াও চোর চক্র কোন কাজকর্ম না করে রাতের বেলা মানুষের আত্মীয়-স্বজনের লাশ চুরি করে বিক্রি করে। প্রায়ই লাশ চুরির ঘটনা ঘটলেও প্রতিরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। পৌরসভার বিপুল সংখ্যক মানুষের জন্য বিশাল এই গোরস্থানের পাহাড়ার জন্য রয়েছে মাত্র দু’জন পাহাড়াদার। দু’জন পাহাড়াদারের পক্ষে গোরস্থান পাহাড়া দেয়া কঠিন হয়ে পড়ে।
বনপাড়া গ্রামের এলাকাবাসী রাজু, জাহিদ, মামুন, বাবু, মফিজুলসহ অনেকেরই দাবি এই অপকর্ম রোধে গোরস্থানের বড় গাছগুলো কেটে, ঝোপঝাড় পরিস্কার করা ছাড়াও পর্যাপ্ত বাতি দিয়ে পাহাড়াদার বাড়ানো হোক। এলাকাবাসী জানিয়েছে পালিয়ে যাওয়া পাশা ও লিটন ইতোপূর্বেও কঙ্কাল চুরি করতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছে। মানুষ যতœ করে তাদের আত্মীয়-স্বজন কবর দিয়ে আসে। কবর জিয়ারত করতে গিয়ে চোখের পানি ফেলে। আর অর্থলোভী এই চোরের দল মানুষের প্রিয়জনের কঙ্কাল নিয়ে ছিনিমিনি খেলে। তাই অবিলম্বে এই জঘণ্য অপকর্ম বন্ধ এবং কঙ্কাল চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।
জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দেলোয়ার হোসেন, জামালপুর; জামালপুরে ৫৬ পিছ ইয়াবা, বেশকিছু হেরোইনসহ মাদক ব্যবসায়ী শামীমকে(৩৩) আটক করেছে র্যাব-১৪। গতকাল বুধবার রাতে শহরের দয়াময়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল শহরের দয়াময়ী এলাকায় অভিযান চালিয়ে শামীমকে আটক করেছে। পরে তার কাছ থেকে ৫৬ পিছ ইয়াবা, ৪২ পুরিয়া হেরোইন ও ২০ গ্রামের অপর একটি হেরোইন প্যাকেট উদ্ধার করা হয়েছে। আটক শামীম শহরের কাচারীপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে র্যাব-১৪ ক্যাম্প কমান্ডার এএসপি যুবরাজ হোসেন জানান, মাদক ব্যবসায়ী শামীমকে জামালপুর থানায় সোপর্দ করা হবে।



















