শামসুর রহমান, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মজিদপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ দেড় বিঘা জমিতে প্রতিঘন্টা ১০০ টাকা করে ১০ ঘন্টা সেচ দিয়ে আমন ধানের চারা রোপন করেছেন। এতে তার বাড়তি খরচ পড়েছে ১ হাজার টাকা। আব্দুল হামিদের মতো শত শত আমন চাষী কাঙ্খিত পানির অভাবে দিশেহারা হয়ে পড়ছেন। ফলে চলতি মওসুমে আবাদ রক্ষায় সেচ বাবদ আমন চাষীদের বাড়তি খরচ পড়বে ৬ কোটি টাকা।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর কেশবপুর উপজেলায় ৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৭১৫ হেক্টর জমিতে উফশি ও ৫৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান আবাদ করা হবে। অধিকাংশ বিলের নীচু জমিতে মাছ চাষের জন্য ঘের করায় পরিবারের প্রয়োজনীয় ধানের উৎপাদনে অপেক্ষাকৃত উঁচু জমিতে বৃষ্টির পানির ওপর নির্ভর করে কৃষকরা আমনের আবাদ করে থাকেন। এ জন্য তাদের নীচু বিল, গর্ত বা জলাশয়ে জমে থাকা বৃষ্টির পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু চলতি মওসুমে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় এবং ধানের চারার বয়স বেড়ে যেতে থাকায় কৃষকরা পাট কেটে জমিতে সেচ দিয়ে আবাদ করতে বাধ্য হচ্ছেন।
কৃষকরা জানান, চলতি মওসুম শুরুর দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা আমনের চারা উৎপাদনে বীজতলা তৈরি করেন। দেখতে দেখতে আমন মওসুম শুরু হয়ে গেলেও বৃষ্টির অভাবে এখন চারা রোপন করতে ব্যর্থ হচ্ছেন। বীজতলায় চারার বয়স বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদের সেচ দিয়ে চারা রোপনের ক্ষেত তৈরী করতে হচ্ছে। গত ১ মাস ধরে মাঝে মধ্যে আকাশে কালো মেঘ দেখা গেলেও ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া কিছুই হয়নি। ফলে পানির অভাবে কৃষকরা প্রতি একরে সেচ দিতে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করছেন। সেই হিসেবে প্রতি হেক্টরে ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা। ফলে ৪ হাজার হেক্টর উঁচু জমিতে সেচ বাবদ কৃষকদের খরচ হচ্ছে সাড়ে ৬ কোটি টাকা। চারা রোপনের পরও যদি চাহিদা মতো বৃষ্টিপাত না হয় তাহলে দ্বিতীয় ও তৃতীয় দফায় সেচ দিতে তাদের আরো ১ কোটি টাকা ব্যয় হবে। বর্তমান পানির অভাবে রোপনকৃত আমন ক্ষেত ফেঁটে চৌচির হয়ে হাহাকার করছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, বর্তমান বাজারে ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সম্পুরক সেচ দিয়ে আমন ধান রোপন শুরু করায় এ বছর আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে এ বছর আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।



















