নাটোর প্রতিনিধি : অভ্যন্তরীন কোন্দলের জের ধরে নাটোরের নলডাঙ্গায় কলিম উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ যুবলীগ কর্মীরা। সোমবার দুপুরে পাটুল-হাপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত কলিম উদ্দিন নলডাঙ্গা উপজেলার ৪নম্বর পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পাটুল-হাপানিয়া উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বলে জানা গেছে। এদিকে এ ঘটনার জের ধরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, সোমবার দুপুরে পাটুল-হাপানিয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস উদ্ধোধন করে ঠাকুর-লক্ষীকুল নিজ বাড়ি ফিরছিলেন কলিম উদ্দিন। এসময় ওই স্কুলের মাঠের ভিতর প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ান হোসেনের সমর্থকরা দেশীয় লাঠি-সোটা এবং অস্ত্র নিয়ে কলিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের আবাসিক চিসিৎসক ডা. আবুল কালাম আজাদ জানান, ‘আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিনের মাথায় এবং ডান পায়ে গুরুতর জখম করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে।



















