নকলা (শেরপুর) প্রতিনিধি : মিলেমিশে শ্রম আর নিষ্ঠা দিয়ে ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির এক সফল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলাধীন নকলা উপজেলার মজিদবাড়ী-বড়পাগলা গ্রামের শতাদিক পরিবার।

জানা যায়, এলাকার ২৭ জন যুবক ২০০৬ সালে গঠন করে ‘বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি’।
সেই পথ চলায় জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাই মিলে মৎস্য চাষের উদ্যোগ নেয়। তারা সরকারের কাছ থেকে বড়বিলার ৭২ একর জনমহাল ৩ বছরের ইজারা নেয়। বর্ষার ৬ মাস জলমহাল ২৫০ একরে পরিণত হওয়ায় চারদিকে বাঁধ ও জাল দিয়ে বেষ্ঠনি তৈরী করে সেখানে বিভিন্ন প্রজাতির দেশী-বিদেশী মাছ ছেড়ে যাত্রা শুরু করে সম্মিলিত ভাগ্য বদলের এক অনন্য প্রচেষ্টা। বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষণে দেশীয় মাছ চাষ সহ বাণিজ্যিকভাবে বিদেশী মাছ চাষে সফলতা আসছে আশানুরুপ। প্রথম দিকে কয়েকমাস জলমহালকে মাছ চাষে উপযোগী করা ও পরিচর্যায় অতিবাহিত হলেও জুলাই মাস থেকে শুরু হয় মাছ বিক্রি। এ বছর এ জলমহালে ৯লাখ টাকা ব্যয়ে ১৫ লাখ টাকার মাছ বিক্রি করার সম্ভাবনা রয়েছে বলে মাছ চাষীরা জানান। নকলা উপজেলার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন জানান, তাদের উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা পূরণ করে এখন শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন মৎস্য আড়ৎ এ মাছ সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান নানা ভাবে পানি দূষণের ফলে দেশীয় অনেক প্রজাতির মাছ বিলুপ্তির দিকে হলেও আমাদের উদ্যোগে তা সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, এতে যদিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরেজমিনে জানা যায, বড়বিলার মাছ চাষিরা এলাকায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এতে এলাকার অর্ধশতাধিক পরিবারের কর্মসংস্থান সহ উপজেলার সহস্রাধিক পরিবার সাবলম্বি হচ্ছে। এমন একজন সুবিধাভোগী এনামুল হক জানান বড়বিলার চার পাশে আমরা শতাধিক পরিবার সহ উপজেলার সহস্রাধিক পরিবার এক সময় মানবেতর জীবন যাপন করলেও আমাদের সভাপতি আনোয়ার ভাইয়ের প্রচেষ্টায় কর্মসংস্থান হয়েছে এবং আমরা সুখে শান্তিতে জীবন যাপন করছি। চন্দ্রকোনার ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, খন্দকার পাড়ার স্থানীয় সম্প্রসারণ প্রতিনিধি (এলইএএফ) খন্দকার গোলাম সাদেক (মনির), ডাকাতিয়াকান্দার মোশারফ হোসেন, জালালপুরের কামাল, রামেরকান্দির মোঃ রুকন উদ্দিন সাগর, ধুকুড়িয়ার আনোয়ার হোসেন, ভূরদীর জব্দুল হোসেন, পোলাদেশীর সাঈদ মিয়া জানান মাছের খাদ্য তৈরীর যন্ত্রাংশ সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে আমরা জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও মাছ সরবরাহ করতে পারব ইনশাল্লাহ। উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম এর দেয়া তথ্যমতে নকলা উপজেলায় ১১টি নিবন্ধিত মৎস চাষী সবমায় সমিতির আওতায় সরকারী ৯টি জলমহালের প্রায় ৫শ একর জমি ইজারা দেওয়া হয়েছে এতে সরকারের রাজস্ব আয় বাড়ছে পাশাপাশি স্বাবলম্ভি হচ্ছে অনেক পরিবার। যদিও বর্ষা মৌসুমে জলমহাল ১হাজার ৩শ একরে পরিণত হয়ে যায়। তাছাড়া বেসরকারী/মালিকানাধীন প্রায় ৭শ একর জমি বিভিন্ন মেয়াদে ইজারা নিয়ে মাছ চাষ করছেন চাইল্লা বাড়ীর ২২একর জমির ইজারাদার মোঃ আনোয়ার হোসেনের মত উপজেলার অনেক মাছ চাষিরা। তবে অধিকাংশ মাছ চাষিরা বলছেন মৎস বিভাগের পক্ষ থেকে সহযোগিতা ও সঠিক সময়ে পরামর্শ ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে আত্মনির্ভরশীল সহ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। নকলা উপজেলার অবহেলিত জলাভূমিকে মৎস উৎপাদনে কাজে লাগানোর জন্য সরকারের সহযোগিতা ও সু-দৃষ্টি কামনা করছেন আনেয়ার, জুলহাস, নূরুল হক, রাজ্জাক, হাইছা ও মাধব পরিবারের মত শত শত মৎস্যজীবী পরিবার।



















