গ্যাস না দেয়া হলে রাজশাহী, খুলনা ও বগুড়াসহ সারাদেশে যেখানে গ্যাস দেয়া হয়েছে গ্যাস সরবরাহ বন্ধ করুন : সিটি মেয়র ঝন্টু

সাখাওয়াত হোসেন লাবু, রংপুর : অবিলম্বে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আজ সোমবার রংপুরে স্মরণকালের বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ডাকে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে সড়কের দু’ধারে লাইনে দাঁড়িয়ে গ্যাস সরবরাহের দাবি জানান। মানববন্ধন কর্মসুচি চলাকালে একই দাবিতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ১০ মিনিট স্তব্ধ কর্মসূচি ও গণঅনশন এবং পরবর্তীতে রংপুর বিভাগের ৮ জেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে মহাসমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দেন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ মানবববন্ধনে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবি আদায়ে জনগণকে স্বতঃস্ফূর্ত অংশ নেয়ার আহ্বান জানিয়ে মেয়র ঝন্টু বলেন, রংপুরে গ্যাস সরবরাহের দাবি এ এলাকার মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এ দাবি জানানো হলেও এখন পর্যন্ত রংপুরের মানুষ গ্যাস পায়নি। আমরা আমাদের অধিকার চাই, করুণা চাই না। যদি রংপুরে গ্যাস না দেয়া হয় তাহলে রাজশাহী, খুলনা ও বগুড়াসহ সারাদেশে যেখানে গ্যাস দেয়া হয়েছে সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করুন। গ্যাস না থাকায় রংপুরে উন্নয়ন ব্যাহত হচ্ছে। বেকারত্ব বাড়ছে। উদ্যোক্তা থাকলেও গ্যাসের কারণে তারা এখানে শিল্প কারখানা স্থাপন করতে পারছে না। অন্যান্য বিভাগে গ্যাস সরবরাহ করা হলেও রংপুরে কেন গ্যাস দেয়া হবে না এই প্রশ্ন রেখে তিনি আরও বলেন, রংপুরের পুত্রবধূ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রংপুরের কৃতি সন্তান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় রংপুর গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছেন। তাই অবিলম্বে রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না হলে রংপুর বিভাগের মানুষকে নিয়ে দাবি আদায় করে ঘরে ফিরবেন বলে মেয়র ঝন্টু জানিয়েছেন।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বৃহৎ পরিসরে দোয়া খায়ের ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় রংপুরে গ্যাস সরবরাহের ঘোষণা দিয়েছেন। তাই রংপুরে গ্যাস সরবরাহ করা হলে তার নামকরণ করা হবে ‘জয় গ্যাস’। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মহানগর দোকান মালিক সমিতির চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ও রংপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক ওয়াদুদ আলী, কাউন্সিলর জাহাঙ্গির আলম তোতা, সাতমাথা দোকান মালিক সমিতির সাধারণ স¤পাদক তৌফিকুর রহমানি তপু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, সমাজকর্মী ফজলুল করিম লিটন প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাতে ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে খন্ড খন্ড মিছিল আসতে থাকে নগরভবনের সামনে। আজ সকাল ১১টায় শুরু হয় মানববন্ধন। নগরীর সিটি কর্পোরেশনের সামনে সড়কের দু’পার্শ্বে মানববন্ধন প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে বির্স্তিত ছিলো। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের ছাত্র-জনতা, শিক্ষক, রিকসা ও ভ্যানচালক, নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। বিভিন্ন শ্লোগান সম্বলিত গলায় ঝুলানো ফেস্টুনে লেখা আছে, কৃতি সন্তান ভাই ভাই, গ্যাস আমরা চাই চাই, জয় ভাই জয় ভাই, গ্যাস চাই গ্যাস চাই, আর মোদের দাবি নাই রংপুরে গ্যাস চাই, দাবি মোদের একটাই গ্যাস চাই গ্যাস চাই।
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আগে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘোষণা দিয়েছিলেন, রংপুরের মানুষের প্রাণের দাবি পাইপ লাইনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে মেয়র ঝন্টু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে উঠেন এবং তার ঘোষণা অনুযায়ী গত ৩ আগস্ট রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে রংপুরে অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ঝাড়– মিছিলের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দেন।



















