মেহের আমজাদ,মেহেরপুর : সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে চুরি হওয়া নিম কাঠ শহরের উপকন্ঠ বামনপাড়া থেকে উদ্ধার হয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের নাসিরউদ্দিনের ৭টি নীম গাছ কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পর গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর-আমদহ সড়কের পাশে বামনপাড়া নামক স্থান থেকে উদ্ধার করা হয়। কাঠের মালিক নাসিরউদ্দিন জানান হারিয়ে যাওয়া ৭ টি কাঠের গুড়ির মূল্য প্রায় এক লাখ টাকা ছিলো।

মেহেরপুরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
মহান শহীদ দিবস, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস/২০১৪, বাংলা নববর্ষ ১৪২১ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দর হাতের লেখা, কবিতা আবৃতি, পাঠ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর জেলা সরকারি গনগ্রন্থাগারের আয়োজনে গনগ্রন্থাগার মিলনায়তনে বিভিন্ন বিষয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক খেজমত আলী মালিথা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গনগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ী মোট ৬৩ জনকে পুরস্কার প্রদার করা হয়। এসময় প্রতিযোগিতার বিজয়ী ও তাদের অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে মাদকের ব্যবহার বন্ধের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

মেহেরপুর শহরের হালদারপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে প্রকাশ্যে মাদক দ্রব্য ক্রয় ও বিক্রির প্রতিবাদে এবং বন্ধের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণের নেতৃত্বে প্রায় অর্ধশতক যুবক মোমবাতি প্রজ্জ্বলনে অংশ গ্রহণ করেন। এলাকা মাদক মুক্ত করার জন্য এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন। এসময় হালদারপাড়া যুব সম্প্রদায়ের মুখপাত্র ইমন বিশ্বাস, সদস্য এনামূল হক, লিটন রেজা, আল্লাদী হালদার, আলম, জনি, মাসুম, আশা, শাহীদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গত পরশু সোমবার মশাল জ্বালিয়ে ব্যতিক্রম ধর্মী মানব বন্ধন করা হয় এবং তার আগে মাদক ব্যবসায়ীদের নাম সম্বলিত পোষ্টার বিভিন্ন স্থানে সাঁটানো হয়।
মেহেরপুরের ময়ামারী গ্রামে বিএনপি কর্মীর আওয়ামী লীগে যোগদান
মেহেরপুর সদর উপজেলার মায়ামারি গ্রামের কয়েকজন বিএনপি কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত সোমবার রাতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
গ্রাম বিএনপি নেতা মোখলেছুর রহমান ও মুরাদ আলীর নেতৃত্বে বেশ কয়েক জন বিএনপি কর্মী সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, আবুল হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক
মেহেরপুরের গাংনীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার দিনগত রাতের বিভিন্ন সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামের ছেলে জিহাদ (১৯), সিনেমা হল পাড়ার নাজির হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৫), গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের মজিরুদ্দীনের ছেলে আতিয়ার রহমান (৩৫), করমদি গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মগরেব আলী (৪৫)। এসব আটককৃতদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ৫ শ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, ভোর রাতের দিকে গাংনী থানার উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে অভিযান ১৪ বোতল ফেনসিডিলসহ জিহাদকে আটক করেন। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সহযোগী সাব্বির হোসেনকে আটক করা হয়েছে।
অপরদিকে বামুন্দী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঝোড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ চক কল্যানপুর গ্রামের আতিয়ার রহমানকে আটক করেন।
এদিকে গাংনী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হান্নান করমদী গ্রামে অভিযান চালিয়ে ৪ টি মামলার পলাতক আসামী মগরেব আলীকে আটক করেছেন।আটকদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















