নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : নিজের পোষা আদরের ষাঁড়ের হাতে প্রাণ গেল আজিজুল হক (৪৮) নামে সাবেক এক ইউপি সদস্যের। ১৫ জুলাই মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামে।

পারিবারিক সূত্র জানায়, ৬ জুন শুক্রবার সকালে নিজের পোষা ষাঁড়কে গোসল করাতে পুকুরে নামেন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল হক। এসময় আকস্মিক ষাঁড়টি আজিজুলের পেটে মাথা দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় প্রথমে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সেখান থেকে শ্যামলীর প্রমা সেন্টারে চিকিৎসাধীন থাকাবস্থায় ১৫ জুলাই মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়।
পরদিন ১৬ জুলাই বুধবার বিকেলে নিজ এলাকা ঘাকপাড়ায় নামাজে জানাযা শেষে তাকে ঘাকপাড়া বাজারস্থ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আজিজুল হক মেম্বার।



















