মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ঈদকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরের তৈরী টুপির চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। স্থানীয় নারী কারিগরদের পরম যতেœ তৈরী এসব টুপির উন্নত নকশা ও গুণগত মান ভাল হওয়ার কারণে সারা বছরই চাহিদা থাকে। কিন্তু ঈদে ওই চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। টুপির বাড়তি এ চাহিদা পূরণের জন্য এখন দিনরাত চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন টুপির নারী কারিগররা। নারী কারিগরদের তৈরী টুপি দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানী হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এ উপজেলায় ২০ হাজারের অধিক সংখ্যক নারী টুপি তৈরীর মাধ্যমে পরিবারে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন। আগে যে পরিবারগুলো শুধু পুরুষ সদস্যের আয়ের উপরই নির্ভরশীল ছিল, সেসব পরিবারের মেয়েরা এখন টুপি শেলাই করে বাড়তি আয় যোগ করে সংসারে এনেছেন স্বচ্ছলতা। উপজেলার শিবরামপুর, বিলমোহাম্মদপুর, লক্ষ্মণপুর, রামচন্দ্রপুর, হেরেমনগর, রামরায়পুর, বাগডোব, ফাজিলপুর, চকগোবিন্দ ও ভালাইন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ি বাড়ি চলছে টুপি তৈরীর কাজ। শিবরামপুর গ্রামের তানজিমা জানান, সে সারাবছর অবসর সময়ে টুপি তৈরি করে প্রতিমাসে ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ টাকা আয় করে। ঈদ মৌসুমে এ আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার টাকা। শুধু তানজিমাই নয় এখানকার জ্যোসনা, মারিয়া, মুক্তা, মাসুদা, নাছিমা, আঙ্গুরী ও মাবিয়াসহ অনেক নারী টুপি তৈরি করে প্রতিমাসে বাড়তি আয়ের মাধ্যমে সংসারের ব্যয় মেটাচ্ছেন। এ এলাকার অনেক শিক্ষার্থীও এখন লেখা পড়ার ফাঁকে অবসর সময়ে টুপি শেলাই করে লেখাপড়ার খরচ মিটিয়েও বাড়তি আয় পিতার সংসারে দিচ্ছে। স্কুল ছাত্রী দিলরুবা, সাথী, নাদিরা ও পারভীন সুলতানা জানায়, তাদের দরিদ্র পিতার পক্ষে জামা কাপড়সহ লেখাপড়ার খরচ যোগানো সম্ভব হচ্ছিলনা। প্রতিবেশীদের কাছে টুপি শেলাই করা শিখে এখন তারা বাড়তি আয় করে লেখাপড়ার খরচসহ নিজেদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অবশিষ্ট টাকা পিতার সংসারে দিচ্ছে। টুপির কারিগর মুক্তা জানান, নওগাঁর এক মহাজন তাদেরকে টুপি তৈরীর সুতাসহ অন্যান্য উপকরণ দিয়ে যান এবং তৈরী হয়ে গেলে টুপিগুলো তারাই এসে নিয়ে যান। গ্রামের কারিগরদের প্রতিটি টুপি তৈরীর জন্য দেয়া হয়া হয় ৩শ’ থেকে ৩শ’ ৫০ টাকা। ওই মহাজন এসব টুপির প্রতিটি ৮শ’ থেকে ১ হাজার টাকা দামে মধ্যপ্রাচ্যে বিক্রি করেন। এতে টুপির মাধ্যমে গ্রামীণ নারীদের আর্থিক স্বচ্ছলতা আসার সাথে সাথে দেশ অর্জন করছে বৈদেশিক মুদ্রা।



















