এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটির মল্লিকপুর এলাকায় ব্যবসায়ী মোজাম্মেলকে মারধর করে তার পকেটে থাকা নগদ আশি হাজার টাকা, মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসী মোফাজ্জেল ও তার সহযোগী চাঁদাবাজ চক্র। পূর্বের দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় গত ২৭ জুন শুক্রবার ১০টায় উপজেলার দ্বিতীয় গেটের সম্মুখে উক্ত চাঁদাবাজ চক্র এ হামলা ও লুন্ঠন চালায় বলে অভিযোগ করা হয়েছে।
কয়েকদিন দরে মোফাজ্জেলের নেতৃত্বে চিহ্নিত চাঁদাবাজ চক্রটি জমির মালিক ব্যবসায়ী মোজাম্মেলে প্রাণনাশের হুমকি দিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়ায় প্রাণ বাঁচাতে আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে। এতে ক্ষিপ্ত চাঁদাবাজ চক্র মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেয়ায় পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগে জানা গেছে।
মামলার অভিযোগে জানা গেছে, সম্প্রতি উপজেলার জে.এল-৪৩,সিট নং-১,এস এ ৮০৫ নং খতিয়ানের ৬০৬ ও ৬০৭ নং দাগের মোট সাড়ে ২৮ শতাংশ জমির মালিক মোজাম্মেল তালুকদার তার ক্রয়কৃত জমিতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোফাজ্জেল, সোহাগ, মোস্তাফিজ সহ তাদের সহযোগীরা নির্মাণ কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে উক্ত চাঁদাবাজ মোফাজ্জেল ও তার সহযেগীরা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশ সহ নানাবিধ হুমকি-ধূমকি দেয়ার এক পর্যায়ে নির্মান কাজ বন্ধ করে দেয়।
প্রসঙ্গত, চিহ্নিত চাঁদাবাজ মোফাজ্জেল সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে নলছিটি থানা ও ঝালকাঠি আদালতে প্রায় অর্ধ ডজন মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও চাঁদাবাজ মোফাজ্জেল গং মল্লিকপুর এলাকার বিভিন্ন সরকারী খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আর্থিক ফায়দা হাসিল করে আসছে বলে এলাকাবাসী জানিয়েছে।



















