চুয়াডাঙ্গা প্রতিনিধি : জেলা শহরের ফকিরপাড়া মোড় থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ বাবুল (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ৭ জুলাই সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়। আটক বাবুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের মাসুদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে চুয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে বাবুলকে আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও বন্দুকের চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল আটক
চুয়াডাঙ্গায় পৃথক সীমান্ত থেকে অবৈধ ইজিগোল্ডের গহনা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদ আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মূল্য প্রায় চার লাখ টাকা। সোমবার ভোরে জীবননগর ও দামুড়হুদা সীমান্তের পৃথক জায়গা থেকে এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে ভোর ৫ টার দিকে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল মতিনসহ একদল বিজিবি সদস্য গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তে অভিযান চালায়। এ সময় ৩-৪ জন চোরাচালানীকে দেখে ধাওয়া করলে তারা ২ টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ইজিগোল্ডের গহনা উদ্ধার করে বিজিবি। এর আগে, রাত ৪ টার দিকে গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদ আটক করে।



















