হুমকির মুখে বরিশাল বিমানবন্দর ও দোয়ারিকা সেতু
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল) : আড়িয়াল খাঁ, সুগন্ধা ও সন্ধ্যা নদীর ক্রমাগত ভাঙনে হুমকির মুখে পড়েছে বরিশাল বিমানবন্দর , দোয়ারিকা সেতু ও শতবর্ষের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার, উপজেলার নদী তীরবর্তী এলাকার সহস্রাধিক পরিবার। ওইসব পরিবারের সদস্যদের এখন চরম আতঙ্কে দিন-রাত অতিবাহিত করতে হচ্ছে। এ তিন নদীর অব্যাহত ভাঙনে গত কয়েক বছরে নিঃস্ব হয়েছে এ উপজেলার কয়েক হাজার পরিবার।
বিভিন্ন সূত্রে জানা গেছে , প্রতি বছরই সরকারের পানিসম্পদ মন্ত্রীসহ একাধিক মন্ত্রী, এমপি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে এসে শুধু সাধারণ মানুষের কাছে নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েই যাচ্ছেন, কিন্তু এ আশ্বাস শুধু মুখেই থেকে যায় বাস্তবে কিছুই হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ, সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙনের ফলে প্রতি বছরই উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নই নদী ভাঙনের শিকার হচ্ছে। বিগত আশির দশক থেকে নদী ভাঙনের ফলে উপজেলার মানচিত্র ক্রমেই ছোট হয়ে আসছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী, কুমারিয়ার পিট, কোলচর, নমরহাট, রহমতপুর ইউনিয়নের শতবর্ষী বাবুগঞ্জ বাজার,মীরগঞ্জ বাজার, লোহালিয়া, রাজগুরু, নতুনচর রাজগুরু, ক্ষুদ্রকাঠী, মানিককাঠী, দোয়ারিকা, বাহেরচর, ঘোষকাঠী, রাকুদিয়া, রাহুতকাঠী, ছানি কেদারপুর, কেদারপুর, মোল্লারহাট, ভাঙারমুখ, লাশঘাটা ও রহিমগঞ্জ এলাকার হাজার হাজার মানুষ নদী ভাঙনের ফলে গৃহহীন হয়ে পড়েছে। অনেকে আবার সড়কের পাশে পলিথিনের চালা দিয়ে খুপড়ি ঘর বানিয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে বসতবাড়ির পাশাপাশি কয়েক হাজার একর আবাদি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার। রাক্ষুসি তিনটি নদী শুধু ঘরবাড়ি কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি, বিভিন্ন সময় কেড়ে নিয়েছে এ উপজেলার কয়েক শতাধিক মানুষের প্রাণ।
সরেজমিন দেখা গেছে, রাক্ষুসি নদীগুলোর তাণ্ডবে মীরগঞ্জ বাজার, ফেরিঘাট, বরিশাল বিমানবন্দর, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু, শত বছরের ঐকিহ্যবাহী বাবুগঞ্জ বাজার,আবুল কালাম ডিগ্রি কলেজ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন স্মৃতি জাদুঘর ও পাঠাগার এখন চরম হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে এসব সরকারি ও বেসরকারি স্থাপনা রাক্ষুসি নদীগর্ভে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ২০১১ সালে তৎকালীন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহাবুবুল হক তালুকদার স্পিড বোটযোগে সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই সময় তিনি জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের বাণী আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এ বছর তিনটি নদীর ভাঙনের তীব্রতা বিগত বছরের তুলনায় অনেকাংশে বেড়ে গেছে। আচিরেই সংস্লিষ্ট কর্তৃপক্ষকে বাবুগঞ্জের নদী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না নিলে অচিরেই হারিয়ে যাবে বাবুগঞ্জের গুরুত্বপূর্ণ স্থাপনা মানচিত্র থেকে হারিয়ে যাবে বাবুগঞ্জ নামের উপজেলা।
২০১২ সালে আকস্মিকভাবে আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ বাজার সংলগ্ন এলাকার চারটি বসতঘর নদীগর্ভে বিলীনসহ আনোয়ার হোসেন নামের এক যুবকের মৃত্যুতে নদী ভাঙনকবলিত এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ফলে বর্তমানে তাদের দিন-রাত কাটছে নির্ঘুম ও চরম আতঙ্কে। নদী ভাঙনকবলিত এলাকার লোকজন এরই মধ্যে বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে।



















