মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে পুলিশের উপস্থিতি এবং শিক্ষকদের হুমকি স্বত্ত্বেও অবস্থান ধর্মঘট পালন করেছে ২য় বর্ষের শিক্ষার্থীরা।

জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় আন্দোলনরত বিভিন্ন অনুষদের লেভেল-২ এর শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের সামনে আগে থেকেই উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জহিরুল হক খন্দকার, প্রক্টোর ড. হারুন-অর-রশিদসহ প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ।
পুলিশের উপস্থিততেই সেখানে শিক্ষকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। শিক্ষকরা বলেন, ‘প্রশাসন ভবনের সামনে সকল প্রকার মিটিং, মিছিল বন্ধ। আন্দোলন করতে হলে রাস্তায় যাও, গাছতলায় যাও। যদি না যাও তাহলে তোমাদের লেভেল-২ এর সবার সেমিস্টার ড্রপ করা হবে’।
শিক্ষকদের কথায় উত্তেজিত হয়ে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘৫২ বছরের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে কোন সেমিস্টার ফি চালু হয়নি অথচ আমাদের উপর তা চাপিয়ে দেওয়া হচ্ছে। আজ আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি কিন্তু কোন শিক্ষকই আমাদের কথা শুনতে চায় না। সকল প্রকার বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহার ছাড়া আমরাও ক্লাসে ফিরব না’।

এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা গেছে।



















