ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, পত্রিকা মানুষের বিবেকের কণ্ঠ। নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পত্রিকার দায়িত্ব। তাই পত্রিকাগুলোকে মানুষের অধিকারের কথা বলতে হবে।

আগামী প্রজন্মের ভাবনাকে তুলে ধরতে হবে। নির্ভয়ে সব তথ্য উপস্থাপন করতে হবে। রোববার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে দৈনিক ভোরের পাতা ও The Daily Peoples Time পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও এজেন্ট সম্মেলন-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রোনিক্স মিডিয়ার প্রসার ঘটলেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অপরিসীম। খুঁটিনাটি তথ্য উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত সংবাদ আমরা প্রিন্ট মিডিয়া থেকেই পেয়ে থাকি।
মেয়র বলেন, ৪৩ বছরেও আমরা মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারিনি। তাদের স্বপ্নকে বাস্তবায়নে সবাই মিলে এক সঙ্গে কাজ করেই বাংলাদেশকে গড়তে হবে।
দৈনিক ভোরের পাতা ও The Daily Peoples Time এর সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। এতে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের পাতার রাজশাহী ব্যূরো প্রধান আনোয়ারুল আলম ফটিক।



















