শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বন্যহাতির আক্রমণ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের শ্রীবরদী উপজেলায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া ফরেস্ট অফিস প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্তে একের পর এক ভারতীয় বন্যহাতির তান্ডবে হতাহত, ভাংচুর ও ক্ষয়ক্ষতি প্রতিরোধে স্থানীয় সীমান্ত এলাকার জনগনের মাঝে গণসচেতনতা বৃদ্ধিই ওই কর্মশালার মূল উদ্দেশ্য।

ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন খানের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের শেরপুর বিভাগীয় কর্মকর্তা উম্মে হাবিবা। সভায় মানুষ ও হাতির বিরোধ ঠেকাতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের শেরপুরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) জিএম রফিক আহম্মেদ, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের (এসিএফ) সুমন সরকার, জীব ও বৈচিত্র বিভাগের (এসিএফ) মোঃ কামরুজ্জামান, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মিঃ সুশীল নকরেক প্রমুখ। বক্তারা পাহাড়ি এলাকায় হাতির আক্রমন এড়াতে সীমান্তে খাবার ব্যবস্থাসহ হাতির আবাসস্থল গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কর্ণঝোড়া বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আদিবাসী নেতা প্রাঞ্জল এম সাংমা, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম লালু, ইউপি সদস্য ভূপেন্দ্র মান্দাসহ সীমান্ত জনপদে বসবাসকারী প্রায় ৮ শতাধিক অধিবাসী উপস্থিত ছিলেন।



















