দেলোয়ার হোসেন, জামালপুর : যমুনার ভাঙনে ও নাব্যতা হ্রাসের অজুহাতে দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে জেলার ইসলামপুরের বাহাদুরাবাদ-বালাসী ঘাটের মধ্যে নৌ-ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বৃহত্তর ময়মনসিংহসহ জামালপুর জেলার ইসলামপুরে সাথে উত্তরবঙ্গের গাইবান্ধাসহ ১৩ জেলার দুইশ বছরের স্মৃতিবিজড়িত রেল যোগাযোগ বিছিন্ন রয়েছে । ফলে এ অঞ্চলের কয়েক কোটি মানুষকে ডিজেল, সার, কৃষিপণ্য সরবরাহ এবং যাত্রী পারাপারের নানা সমস্যায় যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ অথবা নৌফেরি সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম দুই ঘাটের সংযোগ চ্যানেল পরিদর্শন করে নৌ ফেরি সার্ভিস চালুর ঘোষণা দেন। মন্ত্রীদের ঘোষণার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফেরি সার্ভিস চালু হয়নি।
জানা যায়, রাজধানী ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ ভায়া জামালপুরের সাথে উত্তরবঙ্গের ১৩ জেলায় সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য ব্রিটিশ রেলওয়ে ১৮৩৮ সালে জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার তিস্তামুখঘাটের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী নৌ-ফেরি সার্ভিস চালু করেছিল। ২০০১ সালে পর তৎকালীন সরকার ফেরি সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এতে রাজধানী ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, ভায়া জামালপুরের সাথে উত্তরবঙ্গের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নিলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাও এবং দিনাজপুরের সাথে রেল যোগাযোগের পরিসমাপ্তি ঘটে। ফলে এ অঞ্চলের মানুষ জীবনের ঝুকি নিয়ে ছোট নৌকায় যমুনা নদী পারাপার হতে গিয়ে কয়েক’শ মানুষের সলীল সমাধি ঘটেছে। ডাকাতির কবলে পড়ে প্রতি বৎসর শত শত যাত্রী সহায়-সম্বলসহ জীবন হারাচ্ছে। যমুনা সেতু দিয়ে আড়াই’শ কিলোমিটার পথ ঘুরে ও অতিরিক্ত টাকা ব্যয় করে উত্তরবঙ্গের কিছুসংখ্যক মানুষ যাতায়াত করলেও মালামাল পরিবহনে বহুবিধ সঙ্কটে পড়তে হয়। তবু খরচ ও সময় বাচাঁতে জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন ঘাট থেকে প্রতি দিন শত শত মানুষ ছোট নৌকায় জীবনের ঝুকিঁ নিয়ে যমুনা নদী পারাপার হতে বাধ্য হচ্ছেন। বিগত সরকারের নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান গত ২৮ জুন বাহাদুরাবাদ-বালাসী ঘাট সংযোগ চ্যানেল পরিদর্শন করতে এসে সেপ্টেম্বর /১৩ এর মধ্যে নৌ ফেরি সার্ভিস চালুর ঘোষণা দেন। পরপর্তি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম গত ফেব্রুয়ারী/১৪ এসে দু’ঘাট পরিদর্শন শেষে নৌ ফেরি চলাচলের ঘোষনা দেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মন্ত্রীদের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এলাকার মানুষ। এব্যপারে ওই এলাকার চেয়ারম্যান আব্দুস ছালাম, আব্দুল খালেক, সুরুজ মন্ডল জানান, নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নৌ ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রায় সময় যমুনার নৌ পথে দিনদুপুরে নৌ ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়। বেশ ক’দিন আগে ইসলামপুরের গুঠাইল ঘাট থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌকায় দিনেদুপুরে ডাকাতি হয়। এ সময় এলাকাবাসী ৬ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করলেও যাত্রীদের খোয়া যাওয়া অর্ধ কোটি টাকা ও মালামাল উদ্ধার হয়নি।



















