গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসির) ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী মো: শাহজাহান মঙ্গলবার রাতে জামালপুর থেকে উদ্ধার হয়। অপহৃত শাহজাহান জানান, সোমবার সন্ধায় মশাখালী রেলষ্টেশনের অদূর থেকে ৮-১০ জনের উঠতি বয়সের একদল যুবক তাকে জোরপুর্বক কালো রঙের একটি প্রাইভেটকারে করে তোলে নিয়ে যায়। অপর একটি সাদা রঙের প্রাইভেটকারে আরো কিছু সশস্ত্র লোকজন অবস্থান করছিল। অপহরণকারীরা তাকে হাত-পা ও চোখ বেঁধে কয়েক ঘন্টার বিরতিতে একটি স্থানে গাড়ি থামিয়ে নির্জন একটি ঘরে নিয়ে তোলে। সেখানে তাকে হাতে-পায়ে শেকল দিয়ে তালাবদ্ধ করে রাখে। পরদিন মঙ্গলবার অপহরণকারীরা তাকে নিয়ে আবারো অজানার উদ্দেশ্যে রওনা হয়ে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিকপাই বাজারের কাছাকাছি পুলিশ চেকপোষ্টের মুখোমখি হওয়ার আগেই অপহরণকারীরা একটি নির্জন স্থানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে অন্যদিকে পালিয়ে যায়। অপহৃত শাহজাহান বলেন, পুলিশের চেকপোষ্টের কারনে হয়তো তাকে ফেলে রেখে যায়। পরে তিনি স্থানীয় মানুষের সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁওয়ে তার এক আত্বীয়ের কাছে মোবাইল করে জামালপুরে বর্তমান অবস্থানের কথা জানান। গফরগাঁও পুলিশ বেতার সংবাদে জামালপুর পুলিশকে অবহিত করলে তারা অপহৃত শাহজাহানকে(৫০) রেসকিউ করে পুলিশ হেফাজতে নিয়ে আসে। বুধবার সকালে জামালপুর পুলিশ অপহৃতের আত্বীয়-স্বজনের কাছে তাকে তোলে দেয়।
এদিকে উদ্ধার হওয়া শাহজাহান বুধবার দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের কাছে তার জবান বন্দী প্রদান করতে গিয়েছেন বলে তার স্ত্রী আকলিমা খাতুন গণ মাধ্যম কর্মীদের জানান। তার স্ত্রী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার স্বামীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় পাগলা থানায় ইউসিসির ভাইস-চেয়ারম্যান অপহৃত শাহজাহান একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম খান বলেন, ভাইস-চেয়ারম্যান শাহজাহান উদ্ধারের ঘটনা মঙ্গলবার রাতে জানতে পেরেছি। তিনি বা তার পরিবার মামলা করলে তা গ্রহন করা হবে।



















