শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে বলেছেন, আমি মনে করি কেবল নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াই কোন দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। তিনি ২৬ মে সোমবার সকালে টোকিওতে আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি লীগের সদস্যদের সঙ্গে এক বৈঠকে বক্তৃতাদানকালে ওই কথা বলেন। জাপান পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেনটেটিভ সদস্য তাকিও কাওয়ামুরা জাপান-বাংলাদেশ পার্লামেন্ট লীগের সদস্যদের নেতৃত্ব দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের ওই কথা জানান।
সরকারি সংবাদ সংস্থা- বাসস জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দুদেশের আইনপ্রণেতারা বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুসংহত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ়, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা। তিনি আরও বলেন, তার সরকার দেশের ঐতিহ্যবাহী ধর্মনিরপেক্ষতা ও সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য জিডিপির হার ২০১৫ সালের মধ্যে ৮ শতাংশ ও ২০১৭ সালের মধ্যে ১০ শতাংশে উন্নীত করা। এই হার ধরে রেখে ২০২১ সালের মধ্যে আমরা দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল ১৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশী এবং বৈদেশিক মূদ্রার রিজার্ভ দাঁড়ায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বাংলাদেশ-জাপান বন্ধুত্ব জোরদারের অঙ্গীকারের জন্য জাপান-বাংলাদেশ সংসদীয় লীগের সদস্যদের ধন্যবাদ জানান।



















