শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ভায়াডাঙ্গা গ্রামে স্বেচ্ছাসেবি পরিবেশবাদি সংগঠন সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নের্চা এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) এর উদ্যোগে পাখির জন্য নিরাপদ বাসা স্থাপন করা হয়েছে। আজ ২৯ মার্চ শনিবার বিকেলে ভায়াডাঙ্গা সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আঙ্গিনায় অবস্থিত বিভিন্ন গাছের ডালে মাটির কলস দিয়ে বিশেষভাবে তৈরি এসব নিরাপদ বাসা স্থাপন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য খোন্দকার মো. খুররম। প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ. আর. এম ওয়াহিদুজ্জামান, শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, রাণীশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু শামা, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা জ্যাম্বস শিকদার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ওয়াছেক বিল্লাহ।
অনুষ্ঠানে শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান বলেন, মানুষের যেমন নিরাপদ বাসস্থানের প্রয়োজন রয়েছে তেমনি পাখি ও প্রাণিদেরও নিরাপদ আবাসস্থলের প্রয়োজন আছে। পাখির নিরাপদ আবাসস্থলের নিশ্চয়তা প্রদান করা সম্ভব হলে আমাদের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা পাবে। এ লক্ষেই শাইন্’র উদ্যোগে শেরপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও গাছ-গাছালিতে কাঠ ও মাটি দিয়ে তৈরি পাখির নিরাপদ বাসা স্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল হালিম বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ ও জলবায়ুর ওপর চরম নেতিবাচক প্রভাব পড়েছে। এ থেকে পরিত্রাণের জন্য জীব বৈচিত্র রক্ষার কোনো বিকল্প নেই। শাইন্’র এ ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।




