শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, জঙ্গি ও অপরাধীদের সাথে হাত মেলালে কেউ রেহাই পাবে না। তাদের কঠোর শাস্তি পেতে হবে। সে যে পর্যায়ের ব্যক্তিই হোক, দোষীদের রেহাই দেওয়া হবে না। তিনি ৬ মার্চ বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে বার্ষিক পুলিশ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় তিনি পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সেবা ও ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ হচ্ছে শান্তিপ্রিয় সাধারণ জনগোষ্ঠীর প্রধান ভরসা। তাই প্রতিটি থানা ও ফাঁড়িকে জনগণের প্রকৃত আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
তিনি বলেন, এসআই/সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং ইন্সপেক্টর পদকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণির পদে উন্নীত করা হয়েছে। আইজিপি’র পদকে সিনিয়র সচিব পদমর্যাদায় এবং দুটি গ্রেড-২ পদকে গ্রেড-১ পদে উন্নীত করা হয়েছে। এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার গঠন এবং সারাদেশে ৩০টি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। কনস্টেবল হতে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রবর্তন করা হয়েছে।
শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, আমরা প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। আইনশৃঙ্খলা খাতে অর্থ বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করি। পুলিশসহ প্রতিটি খাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। এর আগে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য পদক পাওয়া কর্মকর্তাদের পদক পরিয়ে দেন শেখ হাসিনা।




