মেহের আমজাদ,মেহেরপুর : ঢাকা থেকে ছেড়ে মেহেরপুর গামী জেআর পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘঠিত হয়েছে। সশস্ত্র ডাকাত দলটি রাস্তার উপর গাছের গুড়ি ফেলে বাসের গতিরোধ করে নগদ টাকা স্বর্ণলংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোররাতে (৪টার দিকে) আমঝুপি- দ্বীনদত্ত ব্রীজের সন্নিকটে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

জেআর পরিবহনের সুপারভাইজার আবু সাঈদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি যাত্রিবাহী বাস (যার নং- ঢাকা মেট্রো ক- ১১-৫৫৭৭) রাত ৪টার দিকে ঘটনাস্থলে আসলে সশস্ত্র ডাকাত দলটি রাস্তায় গাছের গুড়ি ফেলে ও একটি ট্রাক থামিয়ে বাসটির গতিরোধ করে। ডাকাতরা বাসের দরজা ও জানালার কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা সুপারভাইজারের কাছ থেকে নগদ ১০ হাজার টাকাসহ যাত্রিদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মেহেরপুরের চাঁদ বিল বাজারের মাহি বস্ত্রালয়ে দুঃসাহসিক চুরি
মেহেরপুর সদরের চাঁদ বিল বাজারের মাহি বস্ত্রালয়ে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে সংঘবদ্ধ চোরেরা দোকানের সার্টার ভেঙ্গে নগদ ৮৫ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
মাহি বস্ত্রালয়ের সত্বাধিকারী সোহাগ জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গতকাল বুধবার সকালে পার্শ্ববর্তী চায়ের দোকানী কালু মিয়া দোকানের তালা ভাঙ্গা দেখে বাড়িতে সংবাদ দেয়। দোকানে গিয়ে দেখা যায় নগদ ৮৫ হাজার টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। বাজারে কোন প্রহরী না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে বলেও অনেকে মন্তব্য করেন। সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা টাস্কর্ফোস কমিটির সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মোঃ আবদুস শহীদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত, জেলা মহিলা বিষয়ক কর্মর্কতা একেএম শফিউল আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক শিহাব মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার কাজী রওশন নাহার, সাংবাদিক রাজিবুল হক সুমন, এইড’র প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌল্লা রেজা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন কুট কৌশল অবলম্বন করে তামাক কোম্পানিগুলো ভোক্তা বৃদ্ধি করতে সক্রিয় হচ্ছে। যা নিয়ন্ত্রন করা জরুরী। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাবলিক প্লেসে ও বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।
মেহেরপুর ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় জয়ী
বিসিবি আয়োজনে ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গাংনীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৯ রানে জয় লাভ করেছে।
গতকাল বুধবার প্রথমে ব্যাট করতে নেমে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩৪ ওভারে ১৩৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাহরিয়ার সর্বোচ্চ ৩২ রান করে। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুইট ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮ ওভার ৩ বলে মাত্র ৭৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাখাওয়াত সর্বোচ্চ ১৬ রান করে। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শামীম রেজা ও সোহাগ ৪ টি করে উইকেট লাভ করে।




