শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে ‘জিহাদের ডাক’ দিয়ে আল কায়দার কথিত বার্তাটি ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল বিন সাত্তার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোরে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, দুটি ল্যাপটন ও বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে।
তিনি আরও জানান, রাসেল বিন সাত্তার জামায়াতপন্থী ফেইসবুক পেইজ ‘বাঁশের কেলা’সহ বেশ কিছু বিতর্কিত পেইজে কথিত হুমকির বার্তাটি ছড়িয়েছেন।
এর আগে সোমবার তিনি জানিয়েছিলেন, এখনও তারা নিশ্চিত নন, সেটি জাওয়াহিরির বার্তা কি-না। এ ব্যাপারে একাধিক টিম কাজ করছে। শিগগির প্রকৃত ঘটনা বের হবে। যেসব উগ্রপন্থি মৌলবাদী বাংলাদেশি সংগঠন আল কায়দার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়- তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
উলেখ্য, শনিবার দেশীয় অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ইউটিউবে তাদের নিজস্ব চ্যানেলে ওই বার্তাটি আপলোড করে। একই সঙ্গে তাদের অনলাইনেও এ-সংক্রান্ত একটি খবর প্রচার করা হয়। মূলত ওই খবর প্রচারের পর থেকেই দেশজুড়ে এ বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক সোমবার সাংবাদিকদের জানান, ওই বার্তা কোথা থেকে ট্রান্সমিট করা হয়েছে তা পাওয়া গেছে। তবে কারা করেছে তা জানা যায়নি।




