ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক পৌর শহরে এক নাটকীয় ছিনতাইর ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে শহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে এ রহস্যজনক ছিনতাইর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ছাতকস্থ মৌলা বক্স-করিম বক্স টোবাকো কোম্পানীর ম্যানেজার মোশারফ হোসেন ও সহকারি ম্যানেজার পিন্টু দাস একটি কালো রঙের ব্যাগ নিয়ে পায়ে হেটে ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তারা কাষ্টম রোড অতিক্রম করে ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌছালে একটি ফোরষ্ট্রোক নিয়ে আগে থেকে ওৎ পেতে থাকা তিন যুবক হামলা করে পিন্টুর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের দায়ের কুপে পিন্টু আহত হয়। ব্যাগের মধ্যে কোম্পানীর ২২লক্ষ টাকা ছিল বলে মোশারফ দাবী করেছে। ব্যস্ততম এ এলাকায় নিরবে ছিনতাইর ঘটনা ঘটে যাওয়ায় অনেকেই এটিকে রহস্যজনক বলে মনে করছেন। আহত পিন্টুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কালারুকা ইউনিয়নের পীরপুর গ্রামের খোকা দাসের পুত্র। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার, ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শনে আসলে উপস্থিত জনতা ছিনতাইর ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেন। এ ব্যাপারে ম্যানেজার মোশারফ হোসেন ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোশারফ হোসেন ধর্মপাশা উপজেলার সেলবরচ গ্রামের আসদ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বেশ কিছু সময় আগ থেকেই ফোরষ্ট্রোকটি এখানে দাড়ানো ছিল। টাকার ব্যাগ হাতে নিয়ে পৌছার পর ফোরষ্ট্রোকের চালকের সাথে আরো দু’জন মুখোশধারী যোগ দিয়ে ছিনতাইর ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু ছিনতাইকারীরা টাকা নিয়ে ফোরষ্ট্রোক যোগে চলে যাবার পর ম্যানেজার টাকা ছিনতাইর ঘটনাটি লোকজনের কাছে বলেছেন। ঘটনার সময় ম্যানেজার ও সহকারি ম্যানেজার কোন ধরনের সুর-চিৎকার করেননি। বিকেলে সন্দেহভাজন আহত পিন্টু দাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ছাতক থানা-পুলিশ।
ছাতকে চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলীর গণসংযোগ

ছাতক উপজেলা চেয়ারম্যান পদে আওলাদ আলী রেজা গতকাল রোববার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ পুলে মুখ, শিবনগর, সিংগুয়া, রাঁধানগর, কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার, রাজাপুর, খাইরগাঁও, মাধবপুর, সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও, লোহারগাঁও, মাধবপুর, দোলারবাজার ইউনিয়নের মামদপুর, সেনপুর, বিনন্দপুর, জাহিদপুর, উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই, দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজা। এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আ.লীগ নেতা ইমাম উদ্দিন, মোজাম্মেল আলী মানিক, রফিক আহমদ, স্পেন প্রবাসী মোহাম্মদ গালিব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, যুবলীগ নেতা আবিদুর রহমান আঙ্গুর, আব্দুস শহিদ, বিলাল আহমদ, মালুম মিয়া, আব্দুর রইছ মেম্বার, আব্দুল হেকিম, সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা এটিএম রায়হান, আনোয়ার হোসেন, সাহেব আলী, সুজেল আহমদ, বুরহান উদ্দিন, মারওয়ানসহ নেতৃবৃন্দ গণসংযোগে সাথে ছিলেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরানের সমর্থনে গণসংযোগে সাবেক এমপি মিলন
ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, যুবদল নেতা এমরান আহমদকে গতকাল রোববার দুপুরে নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। পরে তিনি এমরান আহমদের সমর্থনে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর, কালিদাশপাড়া, শিবনগর, রাধানগর, শ্রীনগর, নোয়াপাড়া, গোপালনগর, খিদুরাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমরান আহমদসহ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ, বিএনপি নেতা ছাদিকুর রহমান, দিল হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান এমরান, উপজেলা যুবদল নেতা জহির উদ্দিন, এমাদ উদ্দিন, জগলু মিয়া, দিদার আলম, জিয়া উদ্দিন, ছাদ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, শ্রমিকদলের আব্দুল খালিক, শাহিনুর পাশা, যুবদলের লিটন আহমদ, মখছুদ মিয়া, আল আমিন, রুপন মিয়া, ছাত্রদল নেতা সোহেল আহমদ প্রমূখ তার সাথে ছিলেন। গণসংযোগকালে কলিম উদ্দিন আহমদ মিলন বিএনপির একক ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
দোয়ারার নরসিংপুর বাজারে ডাকাতির ঘটনায় জড়িত একজন আটক
দোয়ারা উপজেলার নরসিংপুর বাজারে একটি রড-সিমেন্টের দোকানে ডাকাতির ঘটনায় গতকাল রোববার বিকেলে একজনকে আটক করেছে পুলিশ। এজাহারের ভিত্তিতে দোয়ারা-থানা পুলিশ বাজার থেকে নরসিংপুর গ্রামের রেনু মিয়ার পুত্র ওলির (২৭) কে আটক করে। মঙ্গলবার রাতে বাজারের আব্দুল মোতালিব এন্ড সন্স নামের রড-সিমেন্টের দোকান ঘরের পিছনের দরজা ভেঙ্গে ৬-৭জনের ডাকাতদল প্রবেশ করে দোকান থেকে নগদ ১লক্ষ ৬০হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতদের প্রহারে আহত হন দোকানে থাকা হারুনুর রশিদ মারুফ। এ ঘটনায় নোয়ারাই-ইসলামপুর গ্রামের হারুনুর রশিদ মারুফের পিতা আব্দুল মোতালিব বাদী হয়ে দোয়ারাবাজার থানায় দু’জনের নাম উলে¬খ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ছাতকে চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের ধারনবাজারে একঘন্টা সড়ক অবরোধ করেছে লেগুনা, অটোটেম্পু, অটোরিক্সা শ্রমিকরা। লেগুনা চালক জাহাঙ্গীর হোসেনকে শনিবার রাত চেচানবাজারে মারধর করার প্রতিবাদে শ্রমিকরা গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ধারনবাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় রাস্তার দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি নিস্পত্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। অবরোধ চলাকালে শ্রমিক নেতা মিছবাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সাহিদ মিয়া, কবির আহমদ, মোশাহিদ আলী, আব্দুল কাহার, তেরাব আলী রনি প্রমুখ।




