এস, এম, হাসিব উদ্দোলা, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়োরা গ্রামে নারদ নদের পাড়ে আম বাগানে একটি সাপ নিয়ে চলছে কতই না কথা। কেউ বলছেন এটি সাপ নয়, জ্বীন। কেউ বলছেন এটি দেবী মনসা। কেউ বলছেন এটি পদ্মা (মনসার দেবীর নাম)। আবার কেউ বা বলছেন ওই স্থানে গুপ্তধন রয়েছে। সাপটি তা পাহারায় রত। মাসাধিক কাল ধরে চলছে এমন সব কথা। সাপটি দেখার জন্য দুর দুরান্ত থেকে প্রতিদিন শত শত কৌতুহলী মানুষ যাচ্ছেন পুঠিয়ার ভাড়োড়া গ্রামের শ্রী অমর ভূঁইয়ার আম বাগানে। বাগানের এক কোণে আম ও ডাবগাছের নিচে সাপটি আস্তানা গেড়ে আছে। স্থানীয় হিন্দু পরিবারের লোকজন স্থানটিতে পূঁজো দিচ্ছেন। খেতেও দিচ্ছেন সাপটিকে। টাকা পয়সাও পড়ছে মান্নতের। সাপটি দেখতে গিয়ে শুক্রবার বিকেলে কথা হয় গ্রামের শ্রী বাবুল কুমার সরকারের সাথে। জানালেন সাপটি নারদ নদী পাড়ে ছিল। মাসাধীক কাল থেকে ওই স্থানে আস্তানা গেড়েছে। জনশ্রæতি রয়েছে ঐ স্থানে বহু পূর্বে মনসা দেবীর মঠ (পূঁজার স্থান) ছিল। গ্রামের কাঁচন সেখের ধারনা সাপটি হয়তো বা গুপ্তধন পাহারা দিচ্ছে। জমির মালিক অমর ভূঁইয়া জানালেন সাপটির বাম চোখ নেই। তবে বাটিতে দুধ দিলে মুখ চুবিয়ে খায়। দাঁড়াস সাপ বলে তার ধারনা। হাত দিয়ে ছুঁলেও কিছুই বলে না। সাপটি দৈর্ঘে সাড়ে চারফুট।




