শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেইসাথে তিনি সরকারকে আবারও সমঝোতার উদ্যোগ নেওয়ার আহবান জানিয়ে বলেন, সরকারের সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি দেয়া ছাড়া বিকল্প থাকবে না। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে থাকেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়া হয়েছে। অথচ একতরফা এই নির্বাচনে ১৫৪ আসনের ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। শুধু বিএনপি নয়, দেশের অন্যান্য দলও এই নির্বাচন বর্জন করেছে। এটা ইলেকশন নয়, নির্লজ্জ সিলেকশন। জনগণের ভোটাধিকার নিয়ে এই প্রতারণা জাতির ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।

খালেদা জিয়া বলেন, অপশাসনে দেশে কান্নার রোল পড়লেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে অনড় অবস্থানে রয়েছে। প্রতিদিন বিনাবিচারে নাগরিকদের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। সারাদেশে কান্নার রোল, নির্বিকার শুধু সরকার। তিনি ‘ডেমোক্রেসি ইজ ডেড,’ উলেখ করে বলেন, ‘লং লিভ ডেমোক্রেসি।
ইকনোমিস্টের এক প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে তিনি বলেন, যে বিজয়ের অর্থই হচ্ছে দেশের পরাজয়, তা আমরা মেনে নিতে পারি না।




