শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের নিপীড়ন সর্বকালের সীমা অতিক্রম করেছে। তিনি ১৮দলের ডাকা অবরোধের তৃতীয় দিন শেষে ২৩ ডিসেম্বর সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আন্দোলনে অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। আইনশৃঙ্খলার-বাহিনীর অভিযানে সাতক্ষীরা এখন ভয়ার্ত জনপদে পরিণত হয়েছে।
নজরুল ইসলাম বলেন, অবরোধের তৃতীয় দিনে সারাদেশে এক জন নিহত, ৫শ ২৭ জন আহত, ৩ জন গুম এবং ৩শ ৭৫ জন গ্রেফতার হয়েছে। ২৭শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় বাংলাদেশে এখন দুঃসময় এবং মিডিয়ায় নির্যাতনের খবর প্রকাশের পরও সরকার তা থেকে বিরত হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।




