ইয়ানুর রহমান, যশোর : আবারও ১৮ দলীয় নেতৃত্বাধীন জোটের ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন বেলা ১১টার দিকে শনিবার সকালে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় অবরোধকারীরা ঢাকাগামী সৌর্হাদ্য পরিবহন ভাঙচুর ও বিজিবির গাড়িতে হামলা করেছে। এসময় বিজিবি’র টহলরত একটি দল আত্মরক্ষার জন্য ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করে ফাঁকা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।
জানা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলা নতুনহাট বাজারে সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা আবরোধ করে। এসময় ওই রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সকালে কোলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন নতুনহাট বাজারে পৌনে ১১ টায় পৌঁছালে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। একইভাবে বেলা ১১টার দিকে বিজিবির গাড়ি আটক করে ইটপাটকেল ছোড়ে অবরোধকারীরা।
বিজিবি’র পক্ষ থেকে জানা গেছে, অবরোধকারীদের হাত থেকে আত্মরক্ষার জন্য ও ছত্রভঙ্গ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। যশোর ২৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান সাংবাদিকদের জানান, তিনি যশোর শহর এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট বাজারে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে গাড়ির একটি লাইট ভেঙ্গে হয়ে যায়। পরে আত্মরক্ষা ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।
অপরদিকে, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া বাজার, যশোর মাগুরা সড়কের কিসমত নওয়া পাড়া, যশোর ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজার, চুড়ামনকাটি, যশোর খুলনা মহাসড়কের রুপদিয়া, বসুন্দিয়া ও যশোর নড়াইল সড়কের চাড়া ভিটাসহ বেশ কয়েকটি স্থানে লাঠিসোট নিয়ে অবরোধ করার সংবাদ পাওয়া গেছে।




